বিশ্বকাপে ব্রাজিলের মূল শিল্পী কৌতিনিয়ো, নেইমার নন!



কৌতিনিয়ো ও নেইমারকোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলের জয়ে মূল প্রভাবকই ছিলেন ফিলিপে কৌতিনিয়ো। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সেলেসাওরা প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভাঙতে পারছিল না। ঠিক ইনজুরি সময়েই স্কোর লাইনে আসে পরিবর্তন। গোল করিয়ে ব্রাজিলকে জয়ের উল্লাসে ভাসান কৌতিনিয়ো। নেইমারের পরের গোলটি অবশ্য ব্যবধানই বাড়িয়েছে। তাই কৌতিনিয়োকেই এই বিশ্বকাপে ব্রাজিলের মূল শিল্পী মনে করছেন সাবেক ব্রাজিল তারকা কাকা।

কাকার মতে, ‘ব্রাজিলের এই দলটি শক্তিশালী। আমার কাছে মনে হয় এবার কৌতিনিয়োই মূল চরিত্র এই দলে। যার মাধ্যমে ব্রাজিলের ভাগ্য নির্ধারণ হচ্ছে।’

তাই বলে নেইমারকে খাটো করেননি সাবেক এই মিডফিল্ডার, ‘নেইমার অবশ্যই আমাদের দলের সেরা খেলোয়াড়। তিতে তাকে নিয়ে অনেক পরিশ্রমও করছেন। তাকে স্বস্তিতে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করছেন। একই সঙ্গে দলটাকেও শক্তিশালী করার চেষ্টা করছেন।’

টুর্নামেন্টে আসার আগে পায়ের ইনজুরি কাটিয়ে ফিরেছেন নেইমার। তাই এখনও পুরো ছন্দে ফিরতে পারেননি ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড। কাকা অবশ্য সবাইকে ধৈর্য  ধারণ করতে বললেন নেইমারকে নিয়ে, ‘তিন মাস ধরে সে পুরোপুরি সুস্থ হওয়ার চেষ্টা করছে। ছন্দে ফিরতে আরও সময় প্রয়োজন। তবে আমরা তাকে প্রতিটি খেলাতেই উন্নতি করতে দেখছি। আমার মনে হয় তাকে আমাদের আলাদাভাবে রক্ষা করা উচিত। তাকে প্রেরণা দেওয়া উচিত।’