‘মেক্সিকোর চেয়ে এগিয়ে ব্রাজিল’

শফিকুল ইসলাম মানিকগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। আজ সোমবার তাদের নক আউট পর্ব শুরু হচ্ছে। প্রতিপক্ষ থাকছে মেক্সিকো। দু’দলের গ্রুপের পারফরম্যান্স দেখে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক অবশ্য এগিয়ে রাখছেন তিতের ব্রাজিলকে। তার দৃষ্টিতে সেলেসাওরা প্রতিপক্ষের চেয়ে পারফরম্যান্সের দিক দিয়ে এগিয়ে।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই ব্রাজিল নিজেদের পারফরম্যান্স বাড়িয়ে নিয়েছে। প্রতিটি ম্যাচেই উন্নতির ছাপ ছিল স্পষ্ট। শফিকুল ইসলাম মানিক বাংলা ট্রিবিউনের কাছে জানালেন তেমনটা, ‘পারফরম্যান্সের গ্রাফ যদি দেখি তাহলে ব্রাজিল কিছুটা এগিয়ে আছে। তাদের গ্রুপ পর্বের ম্যাচ দেখে আশাবাদী হতেই পারি। প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত তারা আস্তে আস্তে উন্নতি করেছে। তিতের দল নিজেদের পুরনো রূপে ফিরতে পেরেছে আমার কাছে মনে হয়েছে।’

ব্রাজিলের অন্যতম তারকা নেইমার। যার পারফরম্যান্সের দিকে পুরো দল তাকিয়ে থাকে। তিনটি ম্যাচেই নিজেকে একটু একটু করে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। চোট কাটিয়ে ফেরার পর থেকে ছন্দে ফেরার লড়াইটা চোখে পড়ছে। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার অবশ্য নেইমারের ওপরই আস্থা রাখছেন, ‘নেইমার ছন্দ ফিরে পাচ্ছেন। আস্তে আস্তে তার পারফরম্যান্সের গ্রাফও বেড়েছে। ফিটনেস ও আত্মবিশ্বাসের জায়গাও বেড়েছে। সে নিজেকে খুঁজে পাচ্ছে। কোচও তার ওপর আস্থা রেখেছেন। কোচ তিতে জানেন নেইমারের গুন। জানেন নেইমার ভালো করবেন। তাই ৯০ মিনিটই তাকে মাঠে রাখছেন। আর এটাই হল নেইমারের জন্য প্লাস পয়েন্ট। নক আউট পর্বে নেইমার আরো ভালো করবেন বলে আমি আশাবাদী।’

তবে ব্রাজিল যে একক খেলোয়াড় নির্ভর না-শফিকুল ইসলাম মানিক আবারো তা মনে করিয়ে দিলেন, ‘ব্রাজিল তো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করে ম্যাচ খেলে না। টিম গেম খেলে থাকে। কোচের আত্মবিশ্বাস আছে, যে কেউ ভালো করবেন। নেইমার তো আছেন। কৌতিনিয়ো কিংবা হেসুস যার কথাই বলা হোক না কেন, যে কেউ ম্যাচের গতি পরিবর্তন করতে সক্ষম। ম্যাচ বাই ম্যাচ তাদের টিম স্পিরিট বাড়ছে। বিকল্প খেলোয়াড়ও তাদের ভালো।’

কোচ তিতে ব্রাজিল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায়ও যাচ্ছেন না। ১৩ থেকে ১৪ জন খেলোয়াড়ের ওপর ঘুরে-ফিরে আস্থা রাখছেন। বাংলাদেশ সাবেক কোচ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন, ‘ব্রাজিল টিম নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না। গ্রুপে শুরু থেকে শেষ পর্যন্ত একটি টিম হিসেবে খেলানো হচ্ছে। কোচ তিতে কোন ঝুঁকি নিচ্ছেন না। পুরো টিমকে জানেন বলেই একই তাল-লয়ে খেলানোর চেষ্টা করছেন। দল যেভাবে আক্রমণ যাচ্ছে। তেমনি ডিফেন্সেও খেলছে। কোচের এই দলের প্রতি বেশ আস্থা। কোচ কোনমতেই এই একাদশ নিয়ে কোন ঝুঁকি নিতে চান না।’

প্রতিপক্ষ মেক্সিকোকে কিছুটা পিছিয়ে রাখছেন শফিকুল ইসলাম মানিক। তার মতে, ‘মেক্সিকোর খেলাতে ধারাবাহিকতার অভাব আছে। তাদের গতি সম্পন্ন খেলোয়াড় আছে দুয়েকজন। প্রতি আক্রমণে গোলও পেয়েছে। গোলরক্ষক ওচোয়া ভালো গোলরক্ষক। আজকে ডু অর ডাই ম্যাচ। তাদের জন্য ব্রাজিল বাধা টপকানো বড় চ্যালেঞ্জ।’