মেসিকে ঘৃণা করেন স্ত্রী, বিচ্ছেদের আবেদন স্বামীর!

মেসিকে নিয়ে দাম্পত্য কলহে রাশিয়ান স্বামী-স্ত্রীপ্রিয় দলের তারকার প্রতি ভালোবাসার টান কার না থাকে। সেই ভালোবাসাই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে দাম্পত্য জীবনে! মেসির প্রতি ঘৃণা থাকায় স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন রাশিয়ান এক স্বামী।

রাশিয়ান সংবাদমাধ্যম আর্গুমেন্তি ই ফাকতির খবরে আর্সেন নামের সেই লোক জানান, ‘বিশ্বকাপের শুরু থেকেই সে আমাকে বলছিল, মেসি খেলতে জানে না। বিশেষ করে আইসল্যান্ডের কাছে পেনাল্টি মিসের পর থেকে।’

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। মেসিদের জয় উদযাপন করেছেন স্বামী কিন্তু তার স্ত্রী লুডমিলা তার সঙ্গে এ নিয়ে লিপ্ত হন বাগযুদ্ধে। তাতে মেজাজ হারিয়ে বসেন আর্সেন। তার স্ত্রী পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত। মেসি-রোনালদোর মাঝে কে সেরা এ নিয়েই চলে তাদের কলহ।

কলহের এক পর্যায়ে আর্সেন সিদ্ধান্ত নেন বিবাহ বিচ্ছেদের। ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়েন। এর পর উরাল প্রদেশের চেলিয়াবিনস্ক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকে দেন।

অথচ এই বিশ্বকাপ দিয়েই ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন দুজন। ২০০২ বিশ্বকাপে ম্যাচ দেখার সময়েই কাছে আসা তাদের। যা পরে রূপ নেয় দাম্পত্যে। ঘুরে ফিরে সেই বিশ্বকাপ ঘটিয়ে দিল চূড়ান্ত পরিণতি!