আর্জেন্টিনাকে বিনামূল্যে কোচিং করাতে চান ম্যারাডোনা

ম্যারাডোনা১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে এলেও তেমন সুবিধা করতে পারেননি। আর্জেন্টিনাকে নিয়ে ২০১০ বিশ্বকাপে এসেছিলেন কোচ হয়ে। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। এবার রাশিয়া বিশ্বকাপে মেসিদের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার দৃশ্যটি ভালোভাবে নিতে পারেননি কিংবদন্তি তারকা। তাই দলের বিপর্যয়ে বিনামূল্যে আর্জেন্টিনাকে কোচিং করাতে ইচ্ছে প্রকাশ করেছেন!

রাশিয়া বিশ্বকাপ চলাকালীন গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখেছেন। কোনওসময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার কোন সময় হতাশায় ডুব দিয়েছিলেন ম্যারাডোনা। গ্রুপ পর্বে এক ম্যাচের ফাঁকে তো অসুস্থও হয়ে পড়েছিলেন। সেই ম্যারাডোনাই চাইছেন আবারো জাতীয় দলের কোচ হতে, ‘যদি ঈশ্বর আমাকে আবার খেলোয়াড় হিসেবে ফিরিয়ে দিতে পারতো। কিন্তু সেটা তো সম্ভব নয়। আর্জেন্টিনা দলের এই অবস্থায় আমি দলের দায়িত্ব নিতে চাই। নতুন করে সবকিছু ঢেলে সাজাতে চাই। এই জন্য কোন ফি দিতে হবে না। দলের স্বার্থে কাজ করতে চাই।’

যদিও কোচিং ক্যারিয়ারে সফলতা আসেনি ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টিনার জাতীয় দল ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাব দলে কোচিং করিয়েছেন। আর ম্যারাডোনা চাইলেই তো হবে না। মেসিদের বর্তমান কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি আছে আর্জেন্টিনার। তিনি নিজেও দলটির সঙ্গে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। যদি তেমন কোনও কিছু হয় তাহলে সাম্পাওলিকে বিদায় করতে ১৬.৮ মিলিয়ন ডলার দিতে হবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে!