এই অনুভূতি অবিশ্বাস্য: সাউথগেট

ইংল্যান্ড কোচ

১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ জয়ের উন্মাদনায় ভেসেছিল ইংল্যান্ড। এরপর পার হয়ে গেছে ৫২টি বছর! সবশেষ ১৯৯০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ পেলেও ইতালি বাধায় আটকে যেতে হয়েছিল। ২৮ বছর পর সেই ইংলিশদের সামনে আরেকটি সুযোগ। আর দুটি ম্যাচ জিতলেই শিরোপা। দলটার এমন কীর্তির পর প্রতিক্রিয়ায় ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, ‘এই অনুভূতি অবিশ্বাস্য।’

সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সাউথগেট জানালেন আগে থেকেই সুইডেনের বিপক্ষে সতর্ক ছিল তার দল, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন কিছু হবে। কলম্বিয়ার বিপক্ষে এক্সট্রা ও পেনাল্টিতে ম্যাচটি গড়িয়েছিল। তাই সব আবেগ অনুভূতি সেদিকেই ছিল।’

শেষ আটের লড়াইয়ে তীব্র চাপে ছিল ইংলিশরা। সেই চাপ সামলানো নিয়ে কোচ সাউথগেটের মন্তব্য, ‘আমাদের মাত্রাতিরিক্ত শারীরিক চাপের মুখোমুখি হতে হয়েছিল। তবে সেসব কাটিয়ে পুরো দল যখন আগের অবস্থায় গেছে এটাই ছিল আমাদের কাছে আসল মুহূর্ত।’

কোচের মতো আনন্দ-অনুভূতিতে ভাসছেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও। বেশ কিছু সেভও করেছেন ম্যাচটিতে। সেই পিকফোর্ড জানালেন, ‘ইংল্যান্ড শেষবার যখন সেমি খেলেছিল আমি তখন জন্মাইনি। তবে আমরা সবসময়ই বলে এসেছি একটি কথা। একটি খেলাই একটি নির্দিষ্ট সময়ে খেলবো। একই সঙ্গে নিজেদের ইতিহাসও গড়ে ফেলবো।’