আরও বড় কিছু চান মদরিচ

লুকা মদরিচস্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচ সেরা নৈপুণ্য ছিল ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদরিচের। ব্যক্তি পারফরম্যান্সে জ্বল-জ্বলে হয়ে থাকলেও স্বীকৃতি নিয়ে ভাবনা নেই মাঝমাঠের এই শিল্পীর। তার স্বপ্ন আরও বড়-বিশ্বকাপ জয়।

কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে টাইব্রেকারে হারানোর পর নিজেদের লক্ষ্য নির্ধারণ করেছেন ক্রোয়েশিয়া অধিনায়ক। তার মতে, ‘গুরুপূর্ণ বিষয়টা হলো আমার দল সফল হয়েছে। আমরা ইতোমধ্যে বড় কিছু করেছি। কিন্তু আমরা আরও বড় কিছু করে দেখাতে চাই।’

১৯৯৮ সালে শেষ চারই ছিল ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সাফল্য। সেই ক্রোয়েশিয়া এবার যেতে চায় আরও দূরে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ট্রাইব্রেকার নিয়ে তার মন্তব্য, ‘দ্বিতীয়ার্ধে আর এক্সট্রা টাইমে আমরা দাপুটে ছিলাম। তবে আমাদের সব কিছু পেনাল্টির পূর্বে শেষ করা উচিত ছিল। মনে হচ্ছে সব কিছু অদৃষ্টেই লেখা ছিল- যে আমাদের বাড়তি নাটকের মধ্য দিয়েই যেতে হবে।’

রাশিয়ার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক গোলকিপার দানিয়েল সুবাসিচ। শেষ ষোলোর লড়াইয়েও তিনটি সেভ করেছিলেন। রাশিয়ার বিপক্ষে ছিলেন নজরকারা। এক বিশ্বকাপে মোট ৪টি সেভ করে কিংবদন্তিদের তালিকায় রয়েছেন যৌথভাবে। এই সুবাসিচই দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগেছেন। তার চোট কোনও শঙ্কা তৈরি করেছিল কিনা এ প্রসঙ্গে মদরিচ জানান, ‘সে চালিয়ে যেতে পেরেছে এটাই আমাদের জন্যে গুরুত্বপূর্ণ ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সে বলেছে সব কিছু ঠিক আছে।   চোটটা তাকে খুব বেশি ভোগায়নি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সব কিছু ঠিকঠাক মতোই গেছে।’