লিস্টার মালিকের হেলিকপ্টার বিধ্বস্ত

 

iওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেও আলোচনায় ছিলো না লিস্টার সিটি। শনিবার হওয়া ম্যাচটির ঘণ্টা খানেক পর বিধ্বংসী এক দু্র্ঘটনায় শিরোনাম হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। লিস্টারের স্টেডিয়ামের বাইরে বিধ্বস্ত হয়েছে ক্লাবটির মালিক ভিচাই শ্রীবদ্ধানাপ্রভর নিজস্ব হেলিকপ্টার। তাতে লিস্টার মালিক ছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।

লিস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামের পিচ থেকে উড্ডয়ন করেছিলো শ্রীবদ্ধানাপ্রভর নিজস্ব হেলিকপ্টার। মাঠের বাইরে আসার কিছু মুহূর্তের পরই বিধ্বস্ত হয় সেখানে। তবে এই ঘটনায় হতাহতের বিষয়ে পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি।

অতীতে ম্যাচ ডেতে এই হেলিকপ্টারটি শ্রীবদ্ধানাপ্রভই ব্যবহার করেছেন। মাঠে আসার বাহন হিসেবে ব্যবহার করেছেন নিয়মিত । কিন্তু গতকাল এই ঘটনায় তিনি ছিলেন কিনা তা নিয়ে হচ্ছে লুকোচুরি। এমনকি তাদের দেওয়া তথ্যেও রয়েছে ধোঁয়াশা, ‘আমরা এখনও কিছু বলতে পারছি না। তাই এখনই কোনও বিবৃতি দেওয়া সম্ভব নয়।’

থাই মালিক শ্রীবদ্ধানাপ্রভ ২০১০ সালে লিস্টার সিটি কেনেন ৩৯ মিলিয়ন পাউন্ডে। তার কেনার ছয় বছরের মাথাতেই ২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতে লিস্টার।-ইএসপিএন।