বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিত হারে বিদায় নিয়েছে জার্মানি। সেই ধাক্কা সামলাতে কোচ বদলের পথে হেঁটেছে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। হুলিয়ান নাগেলসমান পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। তার বিদায়ে জার্মানির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
শুক্রবার জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানি জানায়, ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) অনুরোধে দায়িত্ব ছাড়তে সম্মত হয়েছেন নাগেলসমান।
ডিএফবির পছন্দের তালিকায় শীর্ষে আছেন সাবেক লিভারপুল কোচ ক্লপ। বর্তমানে রেড বুলের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে কাজ করছেন তিনি। তবে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ থাকলে তার চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৫৯ বছর বয়সী ক্লপ এখনও জার্মানিতে দারুণ জনপ্রিয়। চলমান বিশ্বকাপে জার্মান টেলিভিশনের বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার বৈঠকে অংশ নেন নাগেলসমান। সেখানে তাকে প্রায় ৭০ লাখ ইউরো (প্রায় ৮০ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়, যা তার প্রায় এক বছরের বেতনের সমান।
তার বিদায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে ৩৮ বছর বয়সী নাগেলসমান হবেন জার্মানির ইতিহাসে বরখাস্ত হওয়া জাতীয় দলের দ্বিতীয় কোচ। এর আগে ২০২৩ সালে একই পরিণতি হয়েছিল হান্সি ফ্লিকের।
সোমবার বোস্টনে শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। বিশ্বকাপে টাইব্রেকারে এটিই ছিল জার্মানদের প্রথম পরাজয়।









