এবার বাউন্সারে ‘রিটায়ার্ড হার্ট’ কুশল পেরেরা

রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন কুশল পেরেরা।ক্যানবেরায় টানা দ্বিতীয় দিনের মতো আবারও ঘটলো ‘বাউন্সার ব্লো’। দিমুথ করুনারত্নের পর এবার বাউন্সারে রিটায়ার্ড হার্ট হয়েছেন কুশল পেরেরা। 

তৃতীয় দিন অস্ট্রেলিয়া পেসার ঝাই রিচার্ডসনের ৫৩তম ওভারে ঘটে এই ঘটনা। ২৭ রানে ব্যাট করছিলেন কুশল। বলের বাউন্সারে তিনি বসে খেলার চেষ্টা করেছিলেন। বাউন্সারের গতির কাছে পরাস্ত হয়ে চোখ সরিয়ে নিলে বল গিয়ে লাগে ডান কানের হেলমেটের পেছনের অংশে। বলের ক্ষিপ্র গতিতে হেলমেটের পেছনের সুরক্ষা দেওয়া অংশটি ভেঙে গিয়েছিলো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুশল নিজেকে স্বাভাবিক দাবি করেছিলেন। বলের আঘাতের পর কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে ব্যাটিংও করেছিলেন সেই ওভারে। তবে ধীরে ধীরে এই বাউন্সারের প্রতিক্রিয়া তিনি টের পান পরের ওভারে। তখন অস্বস্তি বোধ করলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যান। শ্রীলঙ্কার ফিজিওকে সঙ্গে নিয়ে মাঠের বাইরে গেলে এরপর আর ব্যাট করতে নামেননি।শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে কুশলকে বাধ্যতামূলক পরবর্তী প্রক্রিয়ার জন্য পরীক্ষা করানো হবে।

অপর দিকে আগের দিন বাউন্সারের আঘাতে মাঠ ছেড়ে যাওয়া করুনারত্নে অবশ্য ব্যাটিং করেছেন স্বাভাবিকভাবে। প্যাট কামিন্সের বাউন্সারে দ্বিতীয় দিন আঘাত প্রাপ্ত হয়ে মাঠ ছেড়েছিলেন। আঘাতে তার ব্যথা পাওয়ার বিষয়টি মাঠে প্রকট হওয়ায় তখন আশঙ্কাজনক কিছু মনে হচ্ছিলো। তবে চিকিৎসক তাকে শঙ্কামুক্ত ঘোষণা করলে এদিন হাফসেঞ্চুরি তুলে নিজের সুস্থতা জানান দিয়েছেন। বিদায় নেওয়ার আগে করেন ৫৯ রান। এমন চোট শঙ্কার দিনে ব্যাটসম্যানরা খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি অস্ট্রেলিয়ার সামনে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে ২১৫ রানে!