মঙ্গলবার দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ। বিমানবন্দরে নেমে ওপেনার সাদমান ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ৪২৯ রান। আর ওই ইনিংসটিই সফরকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে বলে মনে করেন ওপেনার সাদমান, ‘হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়িয়েছি। চেষ্টা করবো ওয়েলিংটন টেস্টে সেই ধারাটা অব্যাহত রাখতে। আশা করি, ব্যাটসম্যানরা সবাই বুঝতে পেরেছে, প্রতিপক্ষ বোলারাদের বিপক্ষে কোন কোন পরিকল্পনা নিয়ে ব্যাটিং করতে হবে।’
যদিও হ্যামিল্টনের মতো একই ধরনের উইকেট ওয়েলিংটনে হবে না। তবুও মানসিকভাবে এগিয়ে থাকায় উইকেট নিয়ে খুব বেশি ভাবছেন না সাদমান, ‘ওয়েলিংটনের উইকেট আগের টেস্টের চেয়ে ভিন্ন থাকবে। তারপরও আমরা এই মুহূর্তে মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আশা করি এখানে আমরা ভালো লড়াই করতে পারবো।’
প্রথম ইনিংসে নেইল ওয়াগনার ও দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্ট বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন। হ্যামিল্টনে ৭ উইকেট নেওয়া ওয়াগনার এক কথায় ছিলেন ভয়ঙ্কর। বডি লাইন তাক করে বোলিং করা ওয়াগনারকে খেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সাদমান জানান, ‘ওয়াগনারকে প্রথমবারের মতো খেলেছি, প্রথম টেস্টে খেলার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে কাজে লাগবে। তামিম-সৌম্য ভাইয়ের ব্যাটিং দেখে আমরা শিখেছি, কীভাবে ব্যাটিং করতে হবে। আশা করি কাজে লাগবে এই অভিজ্ঞতা।’
হ্যামিল্টনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে একেবারে শূন্য হাতে ফেরেননি সাদমান। প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ২৭ রানের ইনিংস। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে সাদমানের। ওয়েলিংটনে তাই ইনিংস লম্বা করার লক্ষ্য এই তরুণের, ‘আমি বেসিক প্ল্যানের ওপর থাকার চেষ্টা করেছি। চেষ্টা করবো পরের ম্যাচে যেন সেট হয়ে লম্বা ইনিংস খেলতে পারি।’