জুভেন্টাসের ড্রয়ের দিনে রোনালদোর ‘৬০০’

1000x563_ronaldo-hits-600th-club-goal-as-juventus-hold-inter-milanসিরি আ’র শিরোপা জুভেন্টাসেরই। লিগের পরবর্তী ম্যাচগুলো আনুষ্ঠানিকতার হলেও তা জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য মাইলফলক ছোঁয়ার উপলক্ষ। ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করলেন জুভেন্টাসের প্রাণভোমরা।ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে ৬০০তম ক্লাব গোলের কীর্তি গড়েছেন পর্তুগিজ যুবরাজ।

ইতালির চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের এই দ্বৈরথ পরিচিত ‘ডার্বি ডি ইতালিয়া’ নামে। গত সপ্তাহে তুরিনের এই ক্লাবটি টানা অষ্টম লিগ শিরোপা নিশ্চিত করলেও এই ম্যাচে তারা ছিলো বিবর্ণ। ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে তারা।

ইন্টার মিডফিল্ডার রাদজা নাইনগোলানের দর্শনীয় গোলে ম্যাচের সাত মিনিটে এগিয়ে যায় ইন্টার। তুলনামূলকভাবে জুভেন্টাস নিষ্প্রভ ছিলো এই অর্ধে। জালের ঠিকানা খুঁজে পায়নি পুরোটা সময়।

দ্বিতীয়ার্ধে তাদের সেই অস্বস্তি থেকে উদ্ধার করেন রোনালদো। ৬২ মিনিটে তার করা গোলে সমতায় তো জুভেন্টাস ফেরেই। ভিন্নভাবে বললে হারটাও এড়ায় তারা! তাতে ক্লাব ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

৩৪ বছর বয়সী এই  তারকা রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫০ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি। আর সবে যোগ দেওয়া জুভেন্টাসের হয়ে ২৭। বাকি ৫টি স্পোর্তিং লিসবনের হয়ে।

এই গোলের মাইলফলকে লিওনেল মেসির চেয়ে এগিয়েই আছেন জুভেন্টাস ফরোয়ার্ড। লা লিগায় শিরোপা নিশ্চিত হওয়া ম্যাচে একটি গোল করে মেসির গোল সংখ্যা এখন ৫৯৮টি।