সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়া ফুটবলের ‘গড ফাদার’

Lowyবিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আর এর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন প্রধান ফ্রাঙ্ক লোই।

তবে দায়িত্ব ছাড়লেও এই দায়িত্ব অর্পিত হচ্ছে তার ছেলের কাছেই। ছেলে স্টিভেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন চেয়ারম্যান লোই বলেন, ‘কেমন অনুভব করছি? আমার কি খুশি হওয়া উচিত? আমি কি গর্ব বোধ করছি? এসব প্রশ্নের উত্তর-অবশ্যই হ্যাঁ।’
তিনি আরও বলেন, ‘আসলে কোনও সফরই শতভাগ সফলতা দেয় না। তবে আমাদের ফুটবলে যে ধারার উন্নতি হয়েছে তাকে অস্বীকার করবে কে? আমার চলে যাওয়ার এটাই সঠিক সময়। এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। ফুটবলে নতুন ধারা প্রয়োজন।’

এসময় দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির ফুটবলে লোই’র ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ৮৫ বছর বয়সী এই ফুটবল সংগঠককে অস্ট্রেলিয়া ফুটবলের ‘গড ফাদার’ বলা হয়। ১৯৭০ সালে তার অধীনেই দেশটিতে ‘ন্যাশনাল সকার লিগ’-এর যাত্রা শুরু। এছাড়া ২০০৩ সালে ফের দায়িত্ব নেওয়ার সময় তার অধীনেই তিনটি বিশ্বকাপে বাছাই পর্ব উত্তীর্ণ হয় অস্ট্রেলিয়া। এমনকি ২০২২ বিশ্বকাপে আয়োজক না হতে পারার জন্য দায়ী করা হয় তাকেই!

/এফআইআর/