সাহায্যের হাত বাড়িয়েছে দাবা ফেডারেশন

95491632_653497305197903_3029041821696131072_n

করোনাভাইরাসের লকডাউনে সব ধরনের খেলাই বন্ধ। এরফলে নিম্ন আয়ের মানুষের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। তাদের সহায়তায় পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে বিভিন্ন ফেডারেশনসহ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টরা। এর মধ্যে দাবা ফেডারেশনও অন্যতম।

আর্থিকভাবে অস্বচ্ছল খেলোয়াড়, কোচ, বিচারক ও সংগঠকদের সাহায্য করতেই এগিয়ে এসেছে দাবা ফেডারেশন। আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় ফেডারেশন এই কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফেডারেশন সবমিলিয়ে ১০০ জনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সারা দেশে দাবার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তাদেরকে সাহায্য করতে যাচ্ছে ফেডারেশন। শুক্রবার সকাল থেকে তাদের কাছে অর্থ সাহায্য পৌঁছে দেওয়া হবে। আমাদের এই প্রয়াস ভবিষ্যতেও থাকবে।’