কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন গার্দিওলা। জার্মানি থেকে ইংল্যান্ড পেপ গার্দিওলাকে নিয়ে সরগরম ফুটবল অঙ্গন। বার্সেলোনাকে চার বছরে ১৪টি শিরোপা জেতায় গার্দিওলা আর বায়ার্ন মিউনিখকে আড়াই বছরে এনে দিয়েছেন পাঁচটি শিরোপা। এমন সফল কোচকে সবাই নিজের ক্লাবে ভিড়াতে চাইবে সেটাই স্বাভাবিক।
সূত্রের খবর ম্যানসিটির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে গার্দিওলার। আগামী মৌসুমে ইত্তিহাদে দেখা যেতে পারে সাবেক এই বার্সা কোচকে। সেক্ষেত্রে এটাই হবে ম্যানসিটিতে ম্যানুয়েল পোলগ্রিনির শেষ মৌসুম।
গার্দিওলাকে নিয়োগের রেসে আছে চেলসিও। কয়েকদিন আগে মরিনহোকে বরখাস্ত করেছেন চেলসি মালিক রোমান আব্রামোভিচ। আপাদকালীন নিয়োগ দেওয়া হয়েছে গাস হিডিঙ্ককে। তবে সূত্রের খবর পেপকে আনার জোর চেষ্টা করছে ব্লুজ শিবির।
তবে গার্দিওলাকে দলে ভেড়ানোয় এগিয়ে ম্যানচেস্টার সিটি। অর্থের অভাব নেই তাদের। ম্যানুয়েল পেলেগ্রিনি ক্লাবটিকে সাফল্য এনে দিলেও গার্দিওলাকে নেওয়ার ভিন্ন উদ্দেশ্য ম্যানসিটির। দীর্ঘদিন থেকে তারা বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর কথা চিন্তা করছে। কিন্তু ম্যানুয়েল পেলেগ্রিনি সেটা পারেননি। তবে গার্দিওলা তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা ম্যানসিটির। মেসির সঙ্গে বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলার সম্পর্কটা দারুণ। ম্যানসিটি মনে করেছ, গার্দিওলা নিজেই ফের মেসির সঙ্গে জুটি গড়তে চাইবেন।
এছাড়া ম্যানইউও পেপকে ওল্ড ট্রাফোডে আনার চেষ্টা করতে পারে। কোচ লুইস ফন গালের অধীনে সাফল্য পাচ্ছে না রেড ডেভিলরা। ক্লাবে ফন গালের ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। ব্রিটিশ দৈনিকগুলো জানিয়েছে ফন গালের জায়গায় পেপকে বসাতে চায় ম্যানইউ কর্তৃপক্ষ।
তবে চমকপ্রদ খবর হচ্ছে, আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালেও দেখা যেতে পারে অন্যতম সেরা এই কোচকে। যদি ঘটনা সত্যি হয় তা হলে সেটা হবে আর্সেনালের সমর্থকদের জন্য বড় সারপ্রাইজ।
/এমআর/