ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হওয়া উচিত: বিওএ সভাপতি

ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নবনির্বাচিত কমিটির প্রথম সভা।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ক্রীড়া ক্ষেত্র রাজনীতিমুক্ত হওয়া উচিত।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে বিদায়ী এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আজকের এই সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘‘ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হওয়া উচিত এবং সবাই একসঙ্গে উদারমনা হয়ে ক্রীড়ার উন্নয়নে কাজ করলে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের কোনও প্রকারের বাধা থাকবে না।’’

তিনি বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে তাদের নিরলস পরিশ্রম এবং অভাবনীয় অবদানের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বিওএ’র কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

এরপর বিদায়ী কমিটি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) দায়িত্বভার হস্তান্তর করেন।

বিকালে অলিম্পিক ভবনে বিওএ নবনির্বাচিত মহাসচিব মো. জোবায়েদুর রহমান বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজার কাছে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। বিদায়ী মহাসচিব নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অলিম্পিকের কার্যক্রম আরও বেগবান করবে বলে নিজের আশাবাদ ব্যক্ত করেন।