মোহেবির বিদ্যুৎ হেডারে আবার সমতায় ইরান

দ্বিতীয়বার পিছিয়ে পড়েও দমলো না ইরান। ৬৩ মিনিটে রামিন রেজায়িয়ান ডান দিক থেকে দুর্দান্ত ক্রস বাড়ালেন বক্সে— মোহাম্মদ মোহেবি পুরো শরীরের শক্তি ঢেলে হেড মারলেন, বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে গেলো। গোলের পথ দেখালেন রেজায়িয়ান— প্রথমার্ধে গোল, এবার অ্যাসিস্ট। 
স্কোর ২-২। আবার সমতা। আবার সব খোলা।

এই ম্যাচে এখন পর্যন্ত চারটি গোল। দুইবার এগিয়েছে নিউজিল্যান্ড, দুইবার ফিরেছে ইরান। ইলাইজা জাস্ট একাই দুই গোল করেছেন। 

এর আগে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম-মিসর আগেই ১-১ ড্র করেছে। অর্থাৎ এই ম্যাচের জয়ী দল সরাসরি গ্রুপের শীর্ষে। ড্র হলেও দুই দলই এক পয়েন্ট নিয়ে বেলজিয়াম ও মিসরের সমান।

উল্লেখ্য, অতীত পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ইরান। দুই দলের আগের দুই দেখায় একবার জিতেছে ইরান, অন্য ম্যাচটি ড্র হয়েছে। সেই দুই ম্যাচেই গোল হজম করেনি এশিয়ার দলটি।

তবে বিশ্বকাপের মঞ্চে অতীতের হিসাব খুব বেশি কাজে আসে না। গ্রুপে বেলজিয়াম ও মিসরের মতো শক্ত প্রতিপক্ষ থাকায় দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক। শুরুতেই তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউটের স্বপ্ন আরও উজ্জ্বল করতে চাইবে ইরান ও নিউজিল্যান্ড।