প্রথমবার ২৬ দেশের অংশগ্রহণে বাংলাদেশে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’ আর্চারি

প্রথমবারের মতো ২৬টি দেশের অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। আগামী ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। এ সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন এবং বাংলাদেশ দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক উপস্থিত ছিলেন।

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘এই আয়োজন দুটি অংশে বিভক্ত—যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপসহ ২৬টি দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় ১৭টি দেশের আর্চার ও কর্মকর্তারা অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, ওয়ার্ল্ড আর্চারি, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের সময় আমি “ওয়ান ভিশন, ওয়ান এশিয়া, ইউনিক এশিয়া” গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। লক্ষ্য হলো এশিয়ার সব দেশকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসা। গত নভেম্বরে বাংলাদেশ নিজেদের মাঠে দক্ষিণ কোরিয়াকে দুবার হারিয়েছে। এবার প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ চালু করা হলো।’

মিক্সড টিম ইভেন্ট সম্পর্কে তিনি জানান, বিভিন্ন দেশের ছেলে ও মেয়েদের পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করা হবে। একই দেশের খেলোয়াড়রা একসঙ্গে খেলবেন না।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, ‘টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আয়োজিত যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন দেশের আর্চার ও কোচরা অংশ নেবেন। এরপর আন্তর্জাতিক নিয়মে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হবে। ২৬টি দেশ থেকে আর্চার, কোচ, কর্মকর্তা, অতিথি ও টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন অংশ নিচ্ছেন। এই আয়োজন বাংলাদেশের আর্চারিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৭টি দেশ হলো—আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন এবং স্বাগতিক বাংলাদেশ।

এ ছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিসর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথিরা অংশ নেবেন। সব মিলিয়ে ২৬টি দেশের প্রতিনিধিত্ব থাকবে এই আয়োজনে।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ কর্মসূচির আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।