সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে ফেভারিট দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কাল সোমবার মালের জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের প্রশংসাই ঝরলো বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনের মুখে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতকে সমীহ করার পাশাপাশি নিজেদের সুযোগ থাকার কথাটাও জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।
বাংলাদেশে আসার আগে ভারত ও মালদ্বীপের ক্লাব দল নিয়ে কাজ করেছেন ব্রুজন। সেই অভিজ্ঞতা থেকে ভারতীয় দল সম্পর্কে তার বেশ জানাশোনা। তাই তো ৪৪ বছর বয়সী ব্রুজন বলেছেন, ‘সেখানে (ভারতে) আমি কাজ করেছি। ভারত ফেভারিট দল। তাদের ওখানে ভালো লিগ হয়। যেমন আইএসএল। তাদের পজিশনভিত্তিক ভালো খেলোয়াড়ও আছে। বলতে পারি কাল কঠিন ম্যাচ হবে।’
তবে ভারত যতই ফেভারিট থাকুক না কেন, বাংলাদেশ যে লড়াই করার জন্য তৈরি সেটা জানিয়ে দিয়েছেন ব্রুজন, ‘এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে সবাই। আমি তাদের (ভারত) ভালো করে জানি। প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল। তাই এই ম্যাচের দিকেই আমাদের দৃষ্টি। তবে আমাদেরও সুযোগ আছে। এই মুহূর্তে একাগ্রতা ও আত্মবিশ্বাসে বাংলাদেশ বিশ্বের সেরা দল।’