যুব ওয়ানডে সিরিজ

দক্ষিণ আফ্রিকায় ১৩০ রানে জিতলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় যুব ওয়ানডে সিরিজে দারুণ শুরু হলো বাংলাদেশের। তিন ফিফটিতে প্রায় তিনশ রান করার পর স্বাগতিকদের দুইশও করতে দেয়নি তারা। ১৩০ রানের বিশাল জয়ে অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে রিফাত বেগকে (১৬) দ্রুত হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে নিয়ে বড় জুটি গড়েন জাওয়াদ আবরার। তাদের জুটি ভাঙে ৮২ রানে। আজিজুল ২৬ রান করে বোল্ড হন। দলকে ১২৯ রানে রেখে বিদায় নেন জাওয়াদ। ৬১ বলে ৯ চার ও ২ ছয়ে ৭০ রান করেন এই ওপেনার।

এরপর রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ ৯৯ রানের চমৎকার জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোর গড়তে অবদান রাখেন। দুজনেই সমান ৬৩ রান করেন। রিজান খেলেন ৫৫ রানের ইনিংস। আব্দুল্লাহ খেলেছেন ৭৬ বল।

শেষ দিকে ফরিদ হোসেন ও দেবাশীষ দেবার ১৬ ও ১৮ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রান করে।

দক্ষিণ আফ্রিকার ব্যাসন সর্বোচ্চ চার উইকেট নেন।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ইকবাল হোসেন ইমনের তোপে পড়েন। ৫ রানে ২ উইকেট হারায় তারা। জ্যাসন রোলেস মাথায় বলের আঘাত নিয়ে রিটায়ার্ড হার্ট হন। মোহাম্মেদ বুলবুলিয়া এই ধসের মধ্যে একাই হাল ধরেন। ৭৯ বলে ৭২ রান করেন প্রোটিয়া অধিনায়ক।এরপর সর্বোচ্চ ২৪ রান করেন পল জেমস। এই দুজনের পর দুই অঙ্কের ঘরে কেবল রান করেন ড্যানিয়েল বসম্যান (১৭)।

ইকবাল ও স্বাধীন ইসলাম তিনটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে দেন। ৩২.১ ওভারে তারা অলআউট হয়।

বেনোনিতে বাকি দুটি ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই।