দ্য ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের দলে পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনকে যুক্ত করেছে ইংল্যান্ড। শেষ টেস্টটি মাঠে গড়াবে বৃহস্পতিবার।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পর এই একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। চতুর্থ টেস্টটিতে ভারত দারুণ লড়াইয়ে ড্র আদায় করে নিয়েছে। তাতে সিরিজের ব্যবধান ২-২ করার সম্ভাবনা উজ্জ্বল করেছে সফরকারী দল।
ওভারটনের কারণে স্বাগতিক দলের পেস আক্রমণে বাড়তি গভীরতা যোগ করেছে। কারণ ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের তীব্র প্রতিরোধে শেষ দুই দিন ১৪৩ ওভার মাঠে কাটাতে হয়েছে ইংল্যান্ডকে। এই অবস্থায় শেষ ম্যাচে সতেজ কাউকে প্রয়োজন।
সিরিজে ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স চারটি টেস্টেই খেলেছেন। অপর দিকে ইনজুরিতে চার বছরের অনুপস্থিতির পর প্রত্যাবর্তন করা জোফরা আর্চার খেলেছেন দুটি টেস্ট।
ইনজুরিতে সংগ্রাম করছেন অধিনায়ক বেন স্টোকসও। চতুর্থ টেস্টেই ভুগতে দেখা গেছে তাকে। কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শেষ টেস্টে খেলবেন না- এমন কিছুর সম্ভাবনা ক্ষীণ।
এখন পর্যন্ত একটি টেস্ট খেলা ওভারটন অভিষেক করেছেন ২০২২ সালে।