দ্য ওভালে জিততে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে 

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ইংল্যান্ড-ভারতের সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্ট। দ্য ওভালে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। তৃতীয় দিনে ওপেনার যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিকদের ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। জবাবে দিনের শেষ বলে সিরাজের আঘাতে বিদায় নিয়েছেন ওপেনার জ্যাক ক্রলি।  ইংল্যান্ড ৫০ রানে এক উইকেটে দিন শেষ করেছে। তাদের প্রয়োজন ৩২৪ রান। 

ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৯৬ রানে। যার পেছনে মূল অবদান জয়সওয়ালের। চায়ের বিরতির আগে ১১৮ রানে আউট হন তিনি। সিরিজে ২৩ বছর বয়সীর যা দ্বিতীয় সেঞ্চুরি। বড় লক্ষ্য পেতে সকালের সেশনে তৃতীয় উইকেটে তাকে যোগ্য সমর্থন দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ। ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান তিনি। তাতে দু’জনে মিলে যোগ করেন ১০৭ রান। তাদের জুটি ভালো স্কোরের মঞ্চ গড়েছে। পরে ফিফটিতে ইনিংস সামাল দেন রবীন্দ্র জাদেজা (৫৩) ও ওয়াশিংটন সুন্দর (৫৩)।  

দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে ৫ উইকেট নেন জশ টাং। ১২৭ রানে তিনটি নেন গাস অ্যাটকিনসন। 

জবাবে ৫০ রানে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেও ক্রিজে আছেন বেন ডাকেট (৩৪)। তাদের এখন এই টেস্ট জিততে এই মাঠে নিজেদের রেকর্ডই ভাঙতে হবে। চতুর্থ ইনিংসে ১৯০২ সালে ২৬৩ রান তাড়া করতে নেমে ১ উইকেটে জিতেছিল ইংলিশ দল। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।