পিসিএলে এবার তানজিদ হাসান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির হয়ে খেলবেন তানজিদ হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরে এই দলে সতীর্থ হিসেবে পাবেন তিনি দুই স্বদেশি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

সামাজিক মাধ্যমে তানজিদের দল পাওয়াটা নিশ্চিত করে পেশাওয়ার জালমি। বাংলাদেশের ওপেনারকে স্বাগত জানিয়ে জালমি লিখেছে, ‘ভয়ডরহীন বাঁহাতি ব্যাটসম্যান যে কোনও বোলিং আক্রমণের ওপর চড়াও হতে প্রস্তুত।’

নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে অবশ্য তানজিদ কোনও দল পাননি। টুর্নামেন্ট শুরুর চার দিন আগে সরাসরি চুক্তিতে জায়গা করে নিতে হয়েছে জালমিতে। ২৫ বছর বয়সী ব্যাটার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন প্রথমবার।

কদিন আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তানজিদ। প্রথম ম্যাচে অপরাজিত ফিফটি ও শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলের সিরিজ জয়ে বড় অবদান রেখে যৌথভাবে সিরিজ সেরা হন তিনি।

তানজিদ ১০৩ টি-টোয়েন্টি খেলে ৩ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ২ হাজার ৭৮২ রান করেছেন তিনি ১২৮.৯৭ স্ট্রাইক রেটে।

তানজিদকে নিয়ে পিসিএলে বাংলাদেশ থেকে দল পেলেন ছয় জন। আগের পাঁচ জন হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এবার পিসিএল সাড়ম্বরে হচ্ছে কমই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দুটি ভেনুতে হতে যাচ্ছে লিগটি। খেলা হবে দর্শক ছাড়াই। থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠানও। ৮ দল নিয়ে নতুন আঙ্গিকে এবারের পিএসএল শুরুর সময় আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ)।