রমজানের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তখন গুঞ্জন রটে হয়তো আর দেশে ফিরবেন না তিনি। সভাপতির পদেও আসতে পারে পরিবর্তন! শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে শনিবার রাতে ঢাকায় ফিরেছেন সাবেক এই অধিনায়ক।
ফিরেই আজ রবিবার দুপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের দাপ্তরিক কাজ শুরু করেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বুলবুলের দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদ কামাল।
সবশেষ নির্বাচনের পর থেকেই বিসিবিতে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে আছে ঘরোয়া ক্রিকেট। প্রিমিয়ার লিগ না হওয়ায় খেলোয়াড়রা বিপাকে রয়েছেন। তার ওপর ক্রীড়া মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হয়েছে নির্বাচনি প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হয়েছে তা দেখার জন্য। ঠিক এই অবস্থায় বিসিবি সভাপতি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন।