সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন কার্যক্রম দেখভাল করবেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স।
হাই পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রমে খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দেবেন আমিনুল।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে নিজেদের কার্যক্রম বিস্তৃত করতে চায় লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই উদ্যোগ এগিয়ে নেওয়ার লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন আমিনুল। প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে তার দীর্ঘ পথচলা।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন আমিনুল। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?