‘শান্তিতে কাজ করতে পারিনি, একটা এক্সটার্নাল ফোর্স ডিস্টার্ব করছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। চারজনই পদ ছেড়েছেন গতকালের বোর্ড সভার পর। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুখ খুলে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

যমুনা টিভিকে তিনি বলেছেন, প্রয়োজনে সবাই চলে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থেকে পরিস্থিতি সামলাতে চান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি। বাইরের ‘এক্সটার্নাল ফোর্স’ সব সময় তাদের কাজে বিঘ্ন ঘটিয়ে আসছে।

বিসিবি পরিচালনা পর্ষদ থেকে গতকাল শনিবার পদত্যাগের কথা জানান ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম। এর আগে পদত্যাগপত্র জমা দেন ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

যমুনা টিভিতে সঞ্চালক বলেন, ‘অনেকে বলছেন, পরিচালক কমতে কমতে বোর্ড একসময় অলআউট হয়ে যেতে পারে...’ এমন প্রশ্নে মুখে হাসি ফুটিয়ে আমিনুল জবাব দেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকবো। কী করব?’

এরপর যোগ করেন, ‘আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো (যাওয়ার জন্য আমিই থাকবো শেষ ব্যক্তি)।’ আমিনুল অবশ্য তার নেতৃত্বাধীন বোর্ডের পরিচালকেরা কেন পদত্যাগ করেছেন, জানেন না বলে দাবি করেছেন। বরং অভিযোগ করে তিনি বলেছেন, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সবসময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।’

উদাহরণ হিসেবে আট বছর আগের নারী ক্রিকেটের বিষয় ও আগের বোর্ডের কার্যক্রম নিয়ে এই বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আমিনুল।  তবে যে নির্বাচনের মধ্য দিয়ে আমিনুলের বোর্ড দায়িত্ব নিয়েছে, সেটিতে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আজ তা জমা দেওয়া হয়েছে।  

তদন্ত কমিটির প্রতিবেদনের পর সরকারের দিক থেকে বর্তমান বোর্ড নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে কী করবেন, এমন প্রশ্নে আমিনুলের জবাব, ‘আমি সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি আমার দেশকে সাহায্য করতে। এখন যদি কোনো কারণে (দায়িত্ব) না থাকে, নো প্রবলেম। আমার আরেকটা পথ দেখে নিতে হবে। তবে আমি দেশের জন্য কাজ করতে চাই।’