সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান দিতে বিসিবি চালু করেছে ক্যাপ্টেন্স কার্ড প্রথা। এ কার্ডের অধীনে তারা নানা রকম সুবিধা পাবেন। তবে আজকের এ অনুষ্ঠানে ছিলেন না প্রথম বিশ্বকাপের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বর্তমান সভাপতির নম্বর নাকি ব্লক করে রেখেছেন তিনি!
বোর্ড সভাপতি হওয়ার পর থেকেই অপছন্দের সাংবাদিকদের ফোন নাম্বার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে রেখেছেন বুলবুল।
এবার জানা গেলো বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও ব্লক করে রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এ অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে।
তামিম বলেছেন, ‘‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজও পাঠিয়েছি। তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।’’
শেষে অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, ‘‘এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।’’
এদিকে এই কার্ড বাংলাদেশের ক্রিকেটে নতুন সংযোজন। ১৯৭৭ সাল থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া শামীম কবির থেকে শুরু করে সব অধিনায়কই এ সম্মাননার আওতায় এসেছেন। শুধু ছেলেরাই নন মেয়েরাও আছেন।
অনুষ্ঠানে অন্যরা থাকলেও সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন।
তামিম ইকবাল কার্ড নিয়ে বলেছেন, ‘ক্যাপ্টেনস কার্ড’ মূলত একটি বিশেষ পরিচয়পত্র, যা সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য আজীবন সম্মাননা ও সুবিধার প্রতীক হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে অধিনায়করা আইসিসি ও এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএলসহ যেকোনো ক্রিকেট আয়োজনের সময় স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন।
এছাড়া কার্ডধারীরা হেলথ ইন্স্যুরেন্স সুবিধা পাবেন এবং অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে। স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও তারা ভিআইপি পর্যায়ের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।