অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দলে মেহেদী হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে অফস্পিনার মেহেদী হাসানকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হবে শেষ ম্যাচটি। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইটওয়াশ করে ইতিহাস রচনা গড়া।

মেহেদী তিন বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। মূলত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চোট পাওয়াতে তাকে নেওয়া হয়েছে। 

মেহেদী হাসান সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে কনকাশনে আক্রান্ত হওয়া বাংলাদেশ অধিনায়ক মিরাজকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি জানিয়েছে, মিরাজ বর্তমানে সুস্থ আছেন। তবে রবিবার অবস্থা আরও একবার মূল্যায়নের পর সিরিজের শেষ ম্যাচে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।