অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। চলতি বছরের এপ্রিলে সিডনিতে পুলিশের নিয়মিত  নিঃশ্বাস পরীক্ষায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। আগামী ১৮ আগস্ট এই মামলায় তার সাজা ঘোষণা করা হবে।

গত মে মাসে আদালতে শুনানির পরই এমন স্বীকারোক্তির আভাস মিলেছিল। সে সময় ওয়ার্নারের আইনজীবী ববি হিল জানিয়েছিলেন, সাবেক এই ক্রিকেটার নিজের দায়িত্ব স্বীকার করেছেন এবং বুঝতে পেরেছেন তার আচরণ ছিল ‘বোকার মতো ও ‘বেপরোয়া’।


হিল আদালতকে জানান, ইস্টার সানডেতে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে তিন গ্লাস ওয়াইন পান করার পরই নিজের গাড়ি চালিয়ে বের হন ওয়ার্নার।

আগামী ১৮ আগস্ট মামলার সাজা ঘোষণা করা হবে। এতে তার অন্তত ছয় মাসের জন্য গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ২ হাজার ২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা এবং সর্বোচ্চ নয় মাসের কারাদণ্ডও হতে পারে।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের অধিনায়ক। এছাড়া তিনি বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারেরও নেতৃত্ব দিচ্ছেন।