অস্ট্রেলিয়া সিরিজে বড় ধাক্কা, ছিটকে গেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। দলের অন্যতম গতিতারকা নাহিদ রানা চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের চোট পান নাহিদ। বুধবার দেশে ফেরার পর তার স্ক্যান করানো হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণায় শান্ত বললেন, ‘এটাই আমাদের অর্জন’

নাহিদের বিকল্প হিসেবে এবাদত হোসেন ও হাসান মাহমুদকে প্রস্তুত রাখা হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষে হাসান মাহমুদ ইতোমধ্যে দেশে ফিরেছেন।

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে প্রথমে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

এরপর ডারউইনে ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইতে।