ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!

ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতিতে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আবারও জোরালো হয়েছে। আর সেই সফর বাস্তবায়িত হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিতেও। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্যই উল্লেখ করা হয়েছে।  

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে বড় ধাক্কা, ছিটকে গেলেন নাহিদ রানা

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে তাদের তিন ম্যাচের 'হোম' টি-টোয়েন্টি সিরিজ এখনো পরিকল্পনায় রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী ম্যাচ তিনটি ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে হওয়ার কথা। তবে ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত হলে এই তারিখ কয়েক দিন পিছিয়ে যেতে পারে।

ক্রিকেটসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ভারত-বাংলাদেশের ৬টি সাদা বলের ম্যাচ সিরিজ আয়োজন নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।  

ভারত সরকার আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এই কূটনৈতিক পদক্ষেপের পর দুই দেশের ক্রিকেট সিরিজ নিয়েও ইতিবাচক বার্তা মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায়, ভারতের বিপক্ষে সিরিজটি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে আয়োজন করতে। ফলে সেই সূচি চূড়ান্ত হলে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ কয়েক দিন, এমনকি প্রয়োজন হলে আরও পরে সরিয়ে নেওয়া হতে পারে।

তবে এখনো বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর অন্যতম কারণ, বিসিবি এখনো এই সিরিজের মিডিয়া স্বত্বের জন্য আগ্রহপত্র প্রকাশ করেনি। এর আগে ১৪ জুলাই ক্রিকবাজ জানিয়েছিল, বিসিবি আপাতত মিডিয়া স্বত্বসংক্রান্ত প্রক্রিয়াটি স্থগিত রেখেছে।

এখন সবকিছুই নির্ভর করছে ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার ওপর। সেই সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে সেপ্টেম্বরে ভারতের ক্রিকেট সূচির পরবর্তী চিত্রও।