ক্রিকেটে নতুন প্রতারণা, আঙুলের তুড়িতে ব্যাটারের সর্বনাশ (ভিডিও)

ক্রিকেটে ব্যাটে বলের সামান্য ছোঁয়ার শব্দই অনেক সময় বদলে দেয় ম্যাচের ভাগ্য। কিন্তু সেই শব্দ যদি আসে ফিল্ডারের আঙুল থেকে? ঠিক এমনই এক অবিশ্বাস্য কাণ্ডে তোলপাড় ক্রিকেট বিশ্ব। আঙুলে তুড়ি মেরে ব্যাটে বল লাগার ভুয়া শব্দ তৈরি করে ব্যাটারকে আউট করানোর অভিযোগ উঠেছে এক অপেশাদার ক্রিকেটারের বিরুদ্ধে। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট ক্রিকেট লিগ।

ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ ডিভিশন টু-তে সল্টবার্ন ক্রিকেট ক্লাব ও নর্টনের ম্যাচে ঘটেছে এই ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্লিপে ফিল্ডিং করা এক ক্রিকেটার ব্যাটারের পাশ দিয়ে বল যাওয়ার ঠিক মুহূর্তে আঙুলে তুড়ির শব্দ করছেন। এতে এমন শব্দ তৈরি হচ্ছে, যেন ব্যাটে বল লেগে উইকেটকিপারের গ্লাভসে গেছে। এরপর উইকেটকিপার ক্যাচ ধরলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা এবং আম্পায়ার ব্যাটারকে আউট দিয়ে দেন।

এক ভিডিওতে দেখা যায়, আউটের সিদ্ধান্তে বিস্মিত ব্যাটার আম্পায়ারের কাছে প্রতিবাদ করছেন। অন্যদিকে সল্টবার্নের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন বেন মামেরি। তিনি লিখেছেন, ‘ক্রিকেটে আমি যত ধরনের প্রতারণা দেখেছি, এটি সম্ভবত তার মধ্যে সবচেয়ে জঘন্য।’

তিনি আরও দাবি করেন, ‘শোনা যাচ্ছে, তাদের উইকেটকিপারের এ মৌসুমে অস্বাভাবিক সংখ্যক ক্যাচ রয়েছে।’

ভিডিওটি ভাইরাল হওয়ায় সন্তুষ্ট মামেরি। তার ভাষায়, ‘ঘটনাটি সবার সামনে এসেছে, এতে আমি সত্যিই খুশি। ক্রিকেট বিশ্বের সবাই বিষয়টি নিয়ে কথা বলছে। এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এটা ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পর ওই ফিল্ডারের নাম দেওয়া হয়েছে ‘ক্লিকি পন্টিং’। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিলিয়ে এই ডাকনাম দেওয়া হয়েছে তাকে।

ঘটনার পর এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, ‘২০২৬ সালের ২৫ জুলাই ডিভিশন টু-এর একটি ম্যাচে অভিযোগ ওঠা ঘটনাগুলো নিয়ে আমরা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে পূর্ণাঙ্গ প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’