ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের মঞ্চ প্রায় প্রস্তুত। বাংলাদেশ চালকের আসনে। কিন্তু ঠিক এই মুহূর্তেই যেন সবচেয়ে বেশি সতর্ক টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও জয় নিয়ে ভাবছেন না। শুধু পরবর্তী সেশন আর নিজেদের প্রক্রিয়া ঠিক রাখার লক্ষ্য তাদের।
ডারউইনে প্রথম টেস্ট শুরু করার আগে বাংলাদেশের পরিকল্পনা ছিল খুব সাধারণ। অন্তত পাঁচ দিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা। কিন্তু তিন দিন শেষ হতেই সেই পরিকল্পনা ছাড়িয়ে দুর্দান্ত অবস্থানে চলে এসেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে পায় ২২৮ রানের বিশাল লিড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলেছে টাইগাররা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ১৬১। অর্থাৎ এখনও বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে, হাতে রয়েছে মাত্র ৬ উইকেট। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ স্পষ্টতই বাংলাদেশের হাতে।
তবু শান্ত সতর্ক। কারণ ভালো করেই জানেন, টেস্ট ক্রিকেটে শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। তাই দলের খেলোয়াড়দের জয় নিয়ে আগেভাগে ভাবতে দিতে চান না তিনি। তৃতীয় দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে তিনি বলেছেন, ‘ফল নিয়ে ভাবছি না। আমরা সেশন ধরে এগোচ্ছি, ফলাফল নয়, এখন প্রক্রিয়াটাই অনুসরণ করছি।’
নিজেদের পরিকল্পনা নিয়ে শান্ত বলেন, ‘পরিকল্পনাটা ছিল এমন যে, অন্তত আমাদের পাঁচ দিন ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। কিন্তু গত তিন দিনে আমরা যেভাবে চরিত্র দেখিয়েছি এবং যেভাবে খেলেছি, তা অসাধারণ। তাই সত্যিই তাদের এভাবে খেলতে দেখে খুব ভালো লাগছে।’