গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?

ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছে মাত্র দুই ম্যাচ আগে। কিন্তু এরই মধ্যে নিজের নামটি ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন মানভ সুতার। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ভারতকে ১৬৫ রানের জয় এনে দেওয়া ২৪ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার এখন আলোচনার কেন্দ্রে।

প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে সুতারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। ৫৫ রানে নিয়েছেন ৬ উইকেট! এর মধ্যে এক ওভারেই তুলে নেন ৩টি। সব মিলিয়ে ম্যাচে তার শিকার ১০টি। 

ভারতের জন্য জয়টি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে হলে পরের নয় টেস্টের অন্তত সাতটিতে জিততে হবে- এমন সমীকরণ সামনে রেখেই গলে খেলতে নেমেছিল টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে থাকা ভারত।

স্পিন সহায়ক উইকেট বিবেচনায় তিন স্পিনার নিয়ে একাদশ সাজায় সফরকারীরা। রবীন্দ্র জাদেজার সঙ্গে ছিলেন দুই বাঁহাতি স্পিনার সুতার ও কুলদীপ যাদব। জাদেজা নিয়েছেন চার উইকেট, কুলদীপের শিকার একটি। আর সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক সুতার।

গলে সুতারের এমন পারফরম্যান্স অবশ্য হঠাৎ করে আসেনি। জুনে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে নেন ৭ উইকেট, যার মধ্যে অভিষেক ইনিংসেই ছিল ৩৩ রানে ৬টি। 

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেট যোগ করে মাত্র দুই টেস্টেই তার শিকার দাঁড়িয়েছে ১৭ উইকেট। এর মধ্যে রয়েছে দুটি পাঁচ উইকেট।

মূলত সুতারের ওপর আস্থা রেখেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও সুতারকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে দেখছেন তিনি।

গিলের মতে, সুতার ভারতের ৮ নম্বর ব্যাটারের ভূমিকা পালন করার মতো দক্ষতা রাখেন। নিয়মিত অলরাউন্ডারদের অনুপস্থিতিতে তার ব্যাটিং দলের ভারসাম্যও বাড়াতে পারে।

প্রথম টেস্টের আগে গিল বলেছিলেন, ‘তার ব্যাট হাতে ভালো করার সামর্থ্য আছে। এই পর্যায়ে কিছু অভিজ্ঞতা, বিশ্বাস ও আত্মবিশ্বাস প্রয়োজন, যা মাঠে নেমে রান করলেই আসবে। বোলিংয়ে তার দক্ষতা অসাধারণ এবং ভবিষ্যতে সে খুব ভালো আট নম্বর ব্যাটার হতে পারে।’

গলে সেই আস্থারও কিছুটা প্রতিদান দিয়েছেন সুতার। পুরো টেস্টে ব্যাট হাতে করেছেন ৩৩ রান, যেখানে গিলের সংগ্রহ ২৪।

আফগানিস্তান টেস্ট ও শ্রীলঙ্কা সিরিজের মাঝের সময়টাও কাজে লাগিয়েছেন সুতার। ইংল্যান্ডে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন দুটি ম্যাচ। সেখানে তার শিকার ছিল ১১ উইকেট। তাতে ছিল একটি পাঁচ উইকেট শিকারের নজির। 

গলে ১০ উইকেট নিয়ে ভারতীয় স্পিনারদের মধ্যে নতুন কীর্তিও গড়েছেন সুতার। এক ম্যাচে ১৩১ রানে ১০ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন দুই কিংবদন্তিকে।

২০০৮ সালে গলে হরভজন সিংয়ের বোলিং ফিগার ছিল ১০/১৫৩। ২০১৫ সালে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছিলেন ১০/১৬০। দুজনকেই পেছনে ফেলে শ্রীলঙ্কার মাটিতে কোনও ভারতীয় বোলারের সেরা ম্যাচ বোলিং ফিগার এখন সুতারের।

শ্রীলঙ্কায় ১০ উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় হরভজন ও অশ্বিনের পর তৃতীয় ভারতীয় হিসেবেও নাম লিখিয়েছেন তিনি।