এ যেন ডারউইন টেস্ট হারের প্রতিশোধ নিচ্ছে অস্ট্রেলিয়া। আর প্রতিশোধ যে কত নৃশংস হতে পারে তাও বাংলাদেশকে বোঝাচ্ছে দলটি। ম্যাকাই টেস্ট শুরুই করেছে আঘাতের মধ্য দিয়ে। একদম প্রথম বলেই সাদমান ইসলামের উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। এরপর আর থামেনি অজি এ পেসার। একের পর এক আঘাতে বাংলাদেশের টপঅর্ডার, মিডেলঅর্ডার ভেঙে দিলেন। মাত্র ২২ বল করে তুলে নিলেন ৫ উইকেট।
এর চেয়ে কম বলে টেস্টে ৫ উইকেট নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে পাঁচবার। সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়া শীর্ষ বোলারও এই স্টার্ক। ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট তুলে নেন এই অজি পেসার।
১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার বোলার আর্নি তোশাক ভারতের বিপক্ষে মাত্র ১৯ বলে ৫ উইকেট তুলেন নেন। সমান ১৯ বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড আছে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের। তিনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছিলেন।
অজি পেসার স্কট বোলান্ডও ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন। সেটি ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে। ২১ বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড আছে অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই বিধ্বংসী কাণ্ড ঘটান। আর বাংলাদেশের বিপক্ষে আজ স্টার্ক ৫ উইকেট তুললেন মাত্র ২২ বলে।
স্টার্কের এমন নৃশংস আঘাতে ম্যাকাইয়ে বাংলাদেশের করুণ দশা। ৫৫ রানে ৯ উইকেট হারিয়ে ধুকছে টাইগাররা।