ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ এর অর্থ কী?

এই দশকে সেনা (SENA) দেশগুলোর মাটিতে টেস্ট ক্রিকেটে নীরবে নিজেদের একটি দারুণ রেকর্ড গড়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে ১-১ সমতায় সিরিজ শেষ করার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও ১-১ সমতায় সিরিজ শেষ করেছে টাইগাররা।

অথচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিন কন্ডিশনগুলোর মধ্যে সেনা দেশগুলোর উইকেট ও পরিবেশ অন্যতম। সেই কঠিন পরিস্থিতিতে বিদেশের মাটিতে বাংলাদেশের এমন ধারাবাহিকতা দলের লড়াকু মানসিকতা ও উন্নতিরই প্রমাণ দিচ্ছে।

এবার জেনে নেওয়া যাক ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ আসলে কারা। 

ক্রিকেটে উপমহাদেশের ব্যাটাররা যখন নিজেদের পরিচিত স্পিনবান্ধব উইকেট ও ধীরগতির কন্ডিশন ছেড়ে অন্য প্রান্তের ক্রিকেটবিশ্বে পাড়ি জমান, তখন শুরু হয় এক ভিন্ন পরীক্ষা। সবুজ ঘাসে ঢাকা উইকেট, বাড়তি গতি, ভয়ংকর বাউন্স আর বাতাসে সুইং—সব মিলিয়ে ব্যাটারদের জন্য যেন প্রতিটি বলই নতুন চ্যালেঞ্জ। আর এই কঠিন ক্রিকেটভূমির চার দেশকে একসঙ্গে বলা হয় সেনা (SENA)। 

মানে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যাদের ইংরেজি অদ্যক্ষর নিয়েই এই নামকরণ। এই চার দেশের কন্ডিশনে গতি ও বাউন্স বেশি থাকে এবং ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পান। এ কারণেই এশিয়ার দলগুলোর জন্য সেনা দেশের সফরকে ক্রিকেটের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়।

টেস্ট ক্রিকেটে সেনা দেশগুলোর ইতিহাস

চারটি দেশই টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসের অংশ। তবে তাদের টেস্ট অভিষেকের সময় এক নয়।

* ইংল্যান্ড: টেস্ট ক্রিকেট খেলা প্রথম দেশ। ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলে।
* অস্ট্রেলিয়া: ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে।
* দক্ষিণ আফ্রিকা: ১৮৮৯ সালে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
* নিউজিল্যান্ড: ১৯৩০ সালে প্রথম টেস্ট খেলে।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ইমপেরিয়াল ক্রিকেট কনফারেন্স (আইসিসির আদি নাম)- এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল। পরে ১৯২৬ সালে নিউজিল্যান্ড এই সংস্থায় যোগ দেয় এবং ১৯৩০ সালে প্রথম টেস্ট খেলে।

কেন সেনা দেশের উইকেট এশিয়ানদের জন্য এত কঠিন?

গতি ও বাউন্স: সেনা দেশগুলোর উইকেট সাধারণত দ্রুত ও বাউন্সি হয়। এতে পেসাররা বাড়তি গতি, বাউন্স ও মুভমেন্ট পান। এশিয়ার তুলনামূলক ধীর উইকেটে অভ্যস্ত ব্যাটারদের জন্য এমন কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।

আবহাওয়ার প্রভাব: বিশেষ করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়া বলকে বাতাসে সুইং করতে সাহায্য করে। ফলে ব্যাটারের জন্য বলের গতিপথ অনুমান করা আরও কঠিন হয়।

গভীর ক্রিকেট সংস্কৃতি: চার দেশেই ক্রিকেটের রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য। লর্ডস, এমসিজি ও নিউল্যান্ডসের মতো ঐতিহাসিক মাঠগুলো ক্রিকেটের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

ঘরের মাঠের সুবিধা: দলগুলো নিজেদের কন্ডিশনে অত্যন্ত শক্তিশালী। তাদের পেসাররা উইকেট ও আবহাওয়ার আচরণ ভালোভাবে জানেন, আর ব্যাটাররাও দ্রুত ও বাউন্সি উইকেটে খেলার সঙ্গে অভ্যস্ত। ফলে সফরকারী দলগুলোর জন্য জয় পাওয়া হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ।

সেনা—এশিয়ার জন্য কেন এত বড় পরীক্ষা?

এশিয়ার ক্রিকেটে স্পিন, ধীর উইকেট ও তুলনামূলক কম বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া ব্যাটারদের সেনাদেশে খেলতে হয় সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট। এখানে শুধু ব্যাটিং দক্ষতা নয়—টেকনিক, ধৈর্য, রিফ্লেক্স, শরীরের অবস্থান এবং মানসিক দৃঢ়তারও কঠিন পরীক্ষা হয়।