এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!

এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ যেখানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া, সেখানে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরাত। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে যাওয়ার সুযোগ তৈরি হবে আমিরাতের সামনে। ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। সম্প্রচার করবে টি স্পোর্টস। 

নারী এশিয়া কাপের অন্যতম নবীন দল সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নেয় তারা। অভিষেক আসরেই মালয়েশিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল।

পরের এশিয়া কাপে অবশ্য কঠিন গ্রুপে পড়ে জয়হীন থাকতে হয় তাদের। ভারত, পাকিস্তান ও নেপালের মতো শক্তিশালী দল ছিল সেই গ্রুপে। তবে সময়ের সঙ্গে বদলেছে আমিরাতের নারী ক্রিকেট দল। এবার বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে। বিপরীতে বাংলাদেশ এই ম্যাচ জিতলেই শেষ চার নিশ্চিত করবে। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হেরে যায় আমিরাত। তবে পরের ম্যাচেই ইন্দোনেশিয়ার বিপক্ষে তুলে নেয় দারুণ জয়।

শেষ চারে যেতে হলে আজকের লড়াইটা দুই দলের জন্যই বাঁচা মরার। জয় প্রয়োজন দুই দলের। 

টুর্নামেন্টে বাংলাদেশও ইন্দোনেশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে। ৭১ রানে জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় তারা। ওই জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

গ্রুপে বাংলাদেশ ও আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। তবে নেট রানরেটে এগিয়ে আছে নিগার সুলতানার দল।

দুবাইয়ে গ্রুপ ‘বি’- এর এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। কাগজে-কলমে বাংলাদেশের বিপক্ষে আমিরাতই স্পষ্টত আন্ডারডগ।