র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে বাংলাদেশ, তবু মালয়েশিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন মোহাম্মদ সালাউদ্দিন। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই অঘটন ঘটতে পারে বলে লিটন দাসদের সতর্ক করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ব্যবধান ১৭ ধাপের। বর্তমানে বাংলাদেশের অবস্থান অষ্টম, আর মালয়েশিয়া রয়েছে ২৫তম স্থানে।
সালাউদ্দিন মনে করেন, ব্যবহৃত উইকেট এবং অনিশ্চিত আবহাওয়া এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। তাই ম্যাচের দিকে পুরোপুরি মনোযোগী থাকার জন্য খেলোয়াড়দের সতর্ক করেছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে লিটন দাসের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় জাপানে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
তবে জাপানে টানা বৃষ্টি হওয়ায় ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রবিবারও বৃষ্টি মধ্যেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন।
ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। তবে সালাউদ্দিন স্পষ্ট করে দিয়েছেন, মাঠে নেমে ম্যাচ জিতেই শেষ চারে জায়গা করে নিতে চায় বাংলাদেশ।
সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘ সময় মালয়েশিয়ায় কাজ করেছি। তাই তাদের দল ও ক্রিকেট সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে।’
উইকেটের অবস্থাকেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি, ‘এ ধরনের টুর্নামেন্টে অঘটন ঘটতে পারে, কারণ একই উইকেটে বারবার ম্যাচ খেলা হয়। ফলে টস অনেক সময় বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়।’
এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচটিও টাইগারদের সতর্ক থাকার যথেষ্ট কারণ। সর্বশেষ আসরের কোয়ার্টার ফাইনালে ১১৬ রানের লক্ষ্য ডিফেন্ড করে মাত্র ২ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
এর মধ্যে মালয়েশিয়ার কোচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। ফলে দুই দলের মধ্যে চেনা-জানার মাত্রাটাও আরও বেড়েছে।
সেই হাড্ডাহাড্ডি ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে সালাউদ্দিন খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে বেশি হিসাব-নিকাশ না করে পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে, ‘প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে থেকেই জয় ধরে নেওয়া যাবে না; মাঠে নেমে ম্যাচটি জিততে হবে। মানসিকভাবে আমরা এভাবেই নিজেদের প্রস্তুত করছি।’
বাংলাদেশের নারী ক্রিকেট দল কোনো পদক ছাড়া দেশে ফেরায় এখন পুরুষ দলের ওপরই পদক জয়ের প্রত্যাশা অনেক বেশি। সালাউদ্দিন মনে করেন, দেশের এই প্রত্যাশা চাপ নয়। বরং খেলোয়াড়দের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে। তার কথায়, ‘পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যাতে আমরা একটি পদক নিয়ে দেশে ফিরতে পারি। ছেলেদের মধ্যে সেই অনুপ্রেরণা আছে এবং আমরা এই দায়িত্বের গুরুত্ব বুঝতে পারছি। আমাদের মধ্যে অনুপ্রেরণার কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ, আমরা ভালো করবো।’