‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’

এশিয়ান গেমসে সোনার স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ছয় উইকেটের হারে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতি এবং উইকেট সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাকেই সামনে এনেছেন অধিনায়ক লিটন দাস। তার মতে, ম্যাচের আগে কন্ডিশন বুঝে নেওয়ার সুযোগই পায়নি বাংলাদেশ।

বৃহস্পতিবার নাগোয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রানেই থেমে যায় বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ৫৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি। ৯ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। ফলে বাংলাদেশের সোনার পদকের আশা শেষ হয়ে যায়।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘একটা ২০ ওভারের ম্যাচ যখন কোনো উইকেটে খেলা হয়, তখন উইকেটটা কীভাবে আচরণ করে, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখানে গত কয়েক দিনে আমরা কোনো ম্যাচ দেখার সুযোগ পাইনি এবং এই উইকেটে অনুশীলন করারও সুযোগ ছিল না। তাই আমাদের কোনো ধারণাই ছিল না। ফলে প্রথম কয়েক ওভার আমরা কোনো ধারণা ছাড়াই খেলেছি। ধীরে ধীরে ব্যাটাররা উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দল। লিটনের মতে, হৃদয় ও মোসাদ্দেক হোসেনের জুটি দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওই জায়গা থেকে দলকে ফিরিয়ে আনার জন্য হৃদয়কে কৃতিত্ব দিতেই হবে। মোসাদ্দেক ও হৃদয়ের জুটিটা খুব ভালো ছিল।’

বাংলাদেশের ১১১ রানের জবাবে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। ৫৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তখন ম্যাচ ছিল দুই দলের জন্যই সমান অবস্থানে। কিন্তু মাঝের ওভারগুলোতে চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। আবদুল সামাদ ও হাসান নওয়াজের ব্যাটে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পাকিস্তান।

লিটন বলেন, ‘আমার মনে হয়, যদি মাঝের ওভারগুলোতে একটু ভালো বোলিং করতে পারতাম এবং কম ছক্কা দিতে পারতাম, তাহলে আমাদের সুযোগটা আরও ভালো থাকত।’

দুই ওভারে ৪১ রান দেওয়ার পরও কেন মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করা হলো-এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন লিটন। অধিনায়ক নিজের সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছেন,‘অনেক অপশন ছিল। আজ মোস্তাফিজ যদি তিন উইকেট নিতো, তাহলে আপনারা এই প্রশ্নটা করতেন না। সে এতদিন ধরে এটা করে আসছে। আমার মনে হয়েছে, মোস্তাফিজই সেরা অপশন এবং আমি তাকে ব্যবহার করেছি।’