গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের রেকর্ড মানেই যেন এক অসম্ভব উচ্চতা। সেই উচ্চতাই এবার টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ঘরোয়া টি-টোয়েন্টিতে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন ২০ বছর বয়সী এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেন প্রিটোরিয়াস। তার ইনিংসে ছিল ১৩টি ছক্কা ও ১৫টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ গড়ে।

এর মধ্য দিয়ে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে দেন প্রিটোরিয়াস। ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ওই ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় ব্যাটিং কিংবদন্তি।

দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলেছেন প্রিটোরিয়াস। নাইটসের বিপক্ষে ১৮৮ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭।

প্রথমে মাত্র ২৪ বলে ফিফটি পূরণ করেন প্রিটোরিয়াস। এরপর আর ১৬ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কে। আর ৫৮ বলে পূরণ করেন ১৫০ রান।

ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও নাইটসকে দাঁড়াতে দেয়নি টাইটানস। মাত্র ১৪৩ রানে তাদের অলআউট করে দেয় দলটি। ফলে ব্লুমফন্টেইনের মঙ্গাউং ওভালে ১২৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটানস।