মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। হাসান মাহমুদের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে দারুণ জবাব দেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের দারুণ জুটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে তারা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দলটির সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। 

প্রথম ইনিংসের ১০৬ রানের লিড মিলিয়ে বাংলাদেশ এগিয়ে আছে ৩২৯ রানে। ক্রিজে আছেন লিটন দাস (৫*) ও মেহেদী হাসান মিরাজ (০)।

দিনের শেষভাগে এসে শান্ত ৮২ রান করে আউট হয়েছেন। অন্যদিকে মুশফিক আউট হন ৮১ রানে। তাতে ভাঙে শান্ত-মুশফিকের ১৫৯ রানের জুটি! 

চতুর্থ দিনের সকালে আরও কিছু রান যোগ করে আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে চাইবে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ১৩ রান করে বিদায় নেন তিনি। তানজিদ হাসান ৩৮ বলে ৩১ রানে থামলেও তার আগে দ্রুত ফিরে যান মুমিনুল হক (৭)। তখন ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে সামাল দেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেটে দুজনের দারুণ জুটি আফগানিস্তানের বোলারদের দীর্ঘ সময় উইকেটবঞ্চিত রাখে। একই সঙ্গে ম্যাচে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করে।

৬৬তম ওভারে জিয়াউর রহমানের বলে শহীদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। তাতে ১৪৮ বলে ৯টি চারে ৮১ রানে থামেন অভিজ্ঞ ব্যাটার। কিছুক্ষণ পর কায়েস আহমেদের বলে বোল্ড হন শান্তও। ১৯১ বলে ৮২ রানের ইনিংসে পাঁচটি চার মেরেছেন বাংলাদেশের অধিনায়ক।

এরপর জিয়াউর রহমানের শিকার হন হাসান মাহমুদ। মাত্র ১ রান করে ফেরায় ২২৩ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। 

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ইয়ামিন আহমদজাই ও জিয়া উর রহমান। একটি করে নেন মোহাম্মদ সালিম ও কায়েস আহমেদ।