একমাত্র টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ৪৭৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দিয়ে চতুর্থ দিন আফগানিস্তানের ৩টি উইকেট তুলে নিয়েছে তারা। আফগান দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩২ রানে দিন শেষ করেছে। শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য চাই আরও ৭ উইকেট। আফগানদের প্রয়োজন ৩৪৭ রান!
শুরুতে ২৮ রানে আফগানদের দুই উইকেট তুলে তাদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তার পর অবশ্য তৃতীয় উইকেটে ৮২ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন রহমত শাহ ও সেদিকুল্লাহ অটল। দিনের শেষ দিকে ৮ ওভার বাকি থাকতে এই জুটি ভেঙে স্বস্তি ফেরান এবাদত হোসেন। রহমত আউট হন ৫১ রান করে। ক্রিজে আছেন হাশমতউল্লাহ শহীদি ১৯* ও সেদিকুল্লাহ ৩৫*।
বাংলাদেশের হয়ে ৩২ রানে ২টি উইকেট নেন এবাদত হোসেন। ৩১ রানে একটি নিয়েছেন হাসান মাহমুদ।
এর আগে ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। চতুর্থ দিন লাঞ্চের পর ফিরে সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। সেঞ্চুরি তোলার পরই অবশ্য মোহাম্মদ সালিমের বলে ১০২ রানে আউট হন তিনি। সপ্তম উইকেট পতন হলে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকার সুবাদে মোট ৪৭৮ রানের লিড পেয়েছে তারা।
চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তার পর লিটন দাসের দৃঢ় ব্যাটিং আর মেহেদী হাসান মিরাজের প্রতিরোধে সকালের সেশনে উইকেট না হারিয়ে ১১৪ রান যোগ করে টাইগাররা। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন ধীরে ধীরে নিজের ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। তাকে যোগ্য সঙ্গ দেন মিরাজ। তিনি ৫২ রানে অপরাজিত ছিলেন। তাদের আগে বড় ইনিংসের মঞ্চ গড়তে ভূমিকা রাখে নাজমুল হোসেন শান্ত (৮২) ও মুশফিকুর রহিমের (৮১) ইনিংস।