জার্সি নম্বর ৭-এর পেছনের গল্প শোনালেন ধোনি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০০

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর ৭-এর মতো আলোচিত নম্বর খুব কমই আছে। ১৬ বছর এই নম্বরের জার্সি গায়ে খেলেছেন তিনি। তবে সম্প্রতি ধোনি জানিয়েছেন, একসময় তাকে জার্সি নম্বর ৭ বদলে ফেলার পরামর্শ দিয়েছিলেন এক বিশেষজ্ঞ।

মুম্বাইয়ে অ্যাকোর ‘দ্য পার্পল কার্পেট’ অনুষ্ঠানে বর্ষীয়ান ভারতীয় লেখক ও গীতিকার জাভেদ আখতারের সঙ্গে আলোচনায় অংশ নেন ধোনি। বৈভব মুঞ্জালের সঞ্চালনায় সেই আলোচনায় সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করা এক ব্যক্তির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন ভারতের সাবেক অধিনায়ক।

ধোনি বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, সাতের বদলে অন্য কোনো নম্বর নিলে কিছু ঘটনা ঘটবে, সবকিছু অন্য রকম হতে পারে।’

তবে সেই পরামর্শ নিয়ে তর্কে না গিয়ে যুক্তির শেষ পরিণতি কী হতে পারে, সেটিই তুলে ধরেছিলেন ধোনি। তার ভাষায়, ‘আমি তাকে বলেছিলাম, স্যার, এটা কোথায় গিয়ে থামবে? আজ সাত বদলে ১১ নেবো, কাল ১১ বদলে ১৫ নেবো। নিজের ভুলের জন্য দায়ী না হয়ে বারবার নম্বরকে দোষারোপ করতে থাকবো।’

সংখ্যার হিসাব-নিকাশের চেয়ে ধোনির কাছে বিষয়টি ছিল অনেক সহজ। তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, যদি ভালোভাবে অনুশীলন করি এবং সবকিছু ঠিকঠাক করি, তাহলে কোনো নম্বরের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।’

এদিকে, ধোনির জার্সি নম্বর ৭ বেছে নেওয়ার গল্পটা সংখ্যাতত্ত্বের রহস্যে মোড়া নয়। ২০০৪ সালে ভারতীয় দলে ডাক পাওয়ার পর জার্সির নম্বর বেছে নিতে বলা হয়েছিল তাকে। তখন নিজের জন্মতারিখ থেকেই পছন্দের নম্বরটি ঠিক করেন তিনি।

১৯৮১ সালের ৭ জুলাই জন্ম ধোনির। অর্থাৎ জন্মতারিখে রয়েছে দুটি সাত। আর বছর ১৯৮১-এর শেষ দুই অঙ্কের হিসাবেও সাত মেলে। আট থেকে এক বাদ দিলে থাকে সাত।

ধোনি স্মৃতিচারণ করে বলেছেন, ‘বলেছিলাম ভাই, আমাকে সাত নম্বর দিন। পাওয়া গেলে সাত নম্বরেই আমি খুশি থাকবো।’

সেই নম্বরটি পেয়েও যান তিনি। এরপর সাতকে ঘিরে যত আলোচনা, তার অনেকটাই সমর্থকদের তৈরি বলে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘এর কিছুটা আমার ভক্তরাই তৈরি করেছেন। কীভাবে শুরু হয়েছে, আমি জানি না। কোনো না কোনোভাবে সাত নম্বর বারবার সামনে আসতো, অথবা ভক্তরা সেটি সামনে নিয়ে আসতেন।’

সাতের সঙ্গে মিল খুঁজে বের করতে ভক্তরা যে কত রকম হিসাব করেন, সেটিও মজার ছলে তুলে ধরেছেন ধোনি, ‘যোগ, বিয়োগ, গুণ, ভাগ- যেভাবেই হোক, তারা হিসাব করে সাত বের করে আনতো।’

এরপর নিজেই একটি উদাহরণ দেন তিনি। জাভেদ আখতারের বয়স ৮১ বছর উল্লেখ করে ধোনি দেখান, আট থেকে এক বাদ দিলেও সাত পাওয়া যায়।

তবে এসব সংখ্যাতত্ত্বে তার বিশেষ বিশ্বাস ছিল না বলে স্পষ্ট করেছেন ধোনি। তার কথায়, ‘আমি আসলে এসব নিয়ে খুব একটা কুসংস্কারাচ্ছন্ন ছিলাম না।’

সমর্থকদের তৈরি জনপ্রিয় স্লোগানটির কথাও উল্লেখ করেন তিনি, ‘থালা ফর আ রিজন, ইউ নো, সেভেন।’ অর্থাৎ, বিশেষ একটা কারণেই সাত- এমনটাই মনে করেন ভক্তরা।

 

/এফআইআর/
সম্পর্কিত
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক
সর্বশেষ খবর
ইসির সংলাপ ঘিরে আলাদা পথে জামায়াত-এনসিপি?
ইসির সংলাপ ঘিরে আলাদা পথে জামায়াত-এনসিপি?
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
ইতিহাস বিকৃতির অভিযোগে রাবি শিক্ষক ফোরামের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান
ইতিহাস বিকৃতির অভিযোগে রাবি শিক্ষক ফোরামের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান
কুড়িগ্রাম টেক্সটাইল মিলসের ইজারা চুক্তি বাতিল, ভেস্তে গেল কর্মসংস্থানের সম্ভাবনা
কুড়িগ্রাম টেক্সটাইল মিলসের ইজারা চুক্তি বাতিল, ভেস্তে গেল কর্মসংস্থানের সম্ভাবনা
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো