টেস্টে লিটনের বিশ্বরেকর্ড

এক টেস্টে এত কীর্তি! ব্যাট হাতে হাফসেঞ্চুরি-সেঞ্চুরির পর এবার উইকেটের পেছনে অনন্য এক কীর্তি গড়েছেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হাফসেঞ্চুরি, সেঞ্চুরির পাশাপাশি উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। মঙ্গলবার এই কীর্তি গড়েন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে একই টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির পাশাপাশি উইকেটকিপার হিসেবে আটটি ডিসমিসাল করেছিলেন তিনি। লিটন তাকে ছাড়িয়ে গিয়ে টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন।

আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের শেষ দিনে প্রথম সেশনে দীর্ঘ সময় উইকেটের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। হতাশার সেই মুহূর্তে অবশেষে উইকেট এনে দিতে ভূমিকা রাখেন লিটন। লাঞ্চ বিরতির ঠিক আগে এবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলকে (৩৩) দুর্দান্ত ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ নিয়ে ফেরান বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। তাতেই লেখা হয় ইতিহাস। 

মঙ্গলবারই ৩২ বছরে পা দিয়েছেন লিটন। জন্মদিনে এমন কীর্তি তার দুর্দান্ত পারফরম্যান্সকে আরও স্মরণীয় করে রাখছে।