অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে ২১৪ রানের বড় ব্যবধানে হারের পর ব্যাটিং বিভাগে পরিবর্তনের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের দল ঘোষণার দিনই বাদ পড়েছেন ব্যাটার ট্রিস্টান স্টাবস। উইকেটকিপার কাইল ভেরেইনকে মূল দল থেকে বাদ না দিলেও রাখা হয়েছে বিকল্প উইকেটকিপার হিসেবে। বৃহস্পতিবার দল ঘোষণা করে ব্যাটিং অর্ডারে বড় রদবদলের ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড।
রবিবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে ডারবানে ২১৪ রানে হারের পর ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কনরাড। তার মতে, দক্ষিণ আফ্রিকা অতিরিক্তভাবে নিচের সারির ব্যাটারদের রান করার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। টপ অর্ডারে নিয়মিত অবদান রাখতে পেরেছেন কেবল এইডেন মারক্রাম ও অধিনায়ক টেম্বা বাভুমা।
দ্বিতীয় টেস্টে উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন রায়ান রিকেলটন- এমনটাই জানিয়েছেন কনরাড। প্রথম টেস্টে ওপেনার হিসেবে দুই ইনিংসে ব্যর্থ হওয়ার পর রিকেলটনকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে সরিয়ে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলে অন্তত তিনটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ডারবানে প্রথম টেস্টে খেলতে পারেননি পেসার কাগিসো রাবাদা। পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করার পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন ম্যাথু ব্রিটজকে। ব্যাটিংয়ে পরিবর্তনের পাশাপাশি তার অন্তর্ভুক্তি দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার দলকে নতুন বিকল্প দেবে।
প্রথম টেস্টের ব্যর্থতা কাটিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে এখন ব্যাটিংয়ের দুর্বলতা দূর করাই দক্ষিণ আফ্রিকার প্রধান লক্ষ্য। রবিবারের ম্যাচে দলটির একাদশে কী কী পরিবর্তন আসে, সেটিই এখন দেখার বিষয়।
দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, সাইমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আইনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন।