আফগানিস্তান ম্যাচের পর প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

ত্রিদেশীয় সিরিজে টানা দুই হারের ধাক্কা সামলাতে না সামলাতেই বাংলাদেশের সামনে নতুন দুশ্চিন্তা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে অফ স্পিনার আলিস আল ইসলামের বিরুদ্ধে। ফলে এখন তাকে বোলিং অ্যাকশন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। 

বুধবার (২১ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে ম্যাচের পর আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানান ম্যাচ কর্মকর্তারা।

বাংলাদেশের হয়ে এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে ২৯ বছর বয়সী এই স্পিনারের। আফগানিস্তানের বিপক্ষে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দিয়েছেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতেও অভিষেক হয় আলিসের।

ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনবিষয়ক নিয়ম অনুযায়ী, অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে তার বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন করা হবে।

ত্রিদেশীয় সিরিজে অবশ্য বাংলাদেশের পারফরম্যান্সও হতাশাজনক। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দুই ম্যাচেই হেরেছে দলটি। ফলে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান।