ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডগড়া রানবন্যার সিরিজ শেষ হয়েছে মাত্র পাঁচ দিন আগে। এবার ভিন্ন কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষেও রানের উৎসব দেখলো ভারত। তবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে সফরকারীদের। দুই বল হাতে রেখে চার উইকেটে জিতেছে ভারত।
ক্রাইস্টচার্চে ভারতের সামনে লক্ষ্য ছিল ২২৬ রান। সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে শুরুতে মনে হচ্ছিলো, লক্ষ্যটা অনায়াসেই পেরিয়ে যাবে ভারত। মাত্র ৩৫ বলে প্রথম উইকেটে ৯৩ রানের জুটি গড়েন দুজন। কিন্তু এরপরই ম্যাচে ফেরে নিউজিল্যান্ড।
কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেন। তালগোল পাকিয়ে ফেলে ভারতীয় ব্যাটিং লাইনআপ। মাত্র ২২ বলের মধ্যে ২৯ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে তারা। মুহূর্তেই জমে ওঠে ম্যাচ।
তবে শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং গভীরতাই ব্যবধান গড়ে দেয়। শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও নামান ধীর গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর ইনিংস খেলেছেন। তাদের দৃঢ়তায় শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
জয়ের ভিত গড়ে দেন স্যামসন। মাত্র ৩৩ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা। মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।
অভিষেক শর্মাও শুরুতে ঝড় তোলেন। ১২ বলে ২৯ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে স্যামসনের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৩৫ বলে ৯৩ রান যোগ করেন তিনি। ভারতের জয়ের পথ তখন বেশ সহজই মনে হচ্ছিল।
কিন্তু এই দুর্দান্ত শুরুর পর মাঝের ওভারগুলোতে হঠাৎ ছন্দ হারায় ভারত। তিলক বার্মা করেন মাত্র ৬ রান, ঈশান কিষান ফেরেন ১ রানেই। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮ বলে ৪২ রান করে দলকে লড়াইয়ে রাখেন। অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৪ রান। তবে নিউজিল্যান্ডের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যান। শেষ দিকে ভারতের প্রয়োজন ছিল কার্যকর একটি ইনিংস।
সেই দায়িত্বই দারুণভাবে পালন করেন নামান ধীর। মাত্র ১৫ বলে অপরাজিত ৪২ রান করে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। ২৮০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে নিউজিল্যান্ডের জয়ের আশা শেষ করে দেন তিনি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৬ উইকেটে ২৩০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।
এর আগে টস জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২৫ রান তোলে স্বাগতিকেরা। মাত্র ৪০ বলে ৮২ রান করেন ফিলিপস। ফিন অ্যালেন ২৪ বলে ৪৫ এবং বেভন জ্যাকবস ১৬ বলে ৩১ রান করে দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।