ক্রিকেট তার কাছে অনেক কিছু। এই খেলা তাকে দিয়েছে পরিচিতি, সাফল্য ও জীবনের নানা অভিজ্ঞতা। তবে সবকিছুর ঊর্ধ্বে নয় ক্রিকেট। জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়ে এই উপলব্ধিই হয়েছে নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনারের।
২০২৪ সালের এপ্রিলে টিকনারের স্ত্রী সারার শরীরে ধরা পড়ে রক্তের ক্যানসার লিউকেমিয়া। এরপর দীর্ঘ আট মাস চিকিৎসা ও কঠিন সময় পার করতে হয়েছে তাদের পরিবারকে। অবশেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সারা। ক্যানসারমুক্ত হওয়ার খবরটি টিকনারের জীবনে নতুন উপলব্ধি এনে দেয়।
ভারতের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই পেসার। তিনি বলেন, ‘আমার জীবনটা চড়াই-উতরাইয়ে ভরা। সারা এবং আমার পরিবার এই কঠিন সময়টা পার করে আসতে পেরেছে, এটা ভাবতেই ভালো লাগে। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক বেশি মানসিক চাপ অনুভব করতাম। এরপর সারার ক্যানসারের চিকিৎসা—সব মিলিয়ে সময়টা খুব কঠিন ছিল। এখন ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে আছি, যেখানে শুধু খেলাটা উপভোগ করতে চাই এবং নিজের মতো থাকতে চাই।’
এই কঠিন অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, ক্রিকেট জীবনের সবকিছু নয়। মাঠে হাসিমুখে খেলতে চান তিনি। দিন শেষে পরিবারের কাছে সুস্থভাবে ফিরে যাওয়াকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন টিকনার।
তার ভাষায়, ‘ক্রিকেট নিশ্চিতভাবেই আমার জীবনের অনেক বড় একটা অংশ। খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। তবে দিন শেষে জানি, খেলা শেষ করে বাড়িতে স্ত্রী ও মেয়ের কাছে ফিরতে হবে। তাদের কাছে সুস্থভাবে ফিরতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় ভাগ্য। তাই জীবনের অন্য সবকিছুর চেয়ে ক্রিকেট আমার কাছে সামান্য ছোট বিষয়।’
এদিকে, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতেও আলোচনায় এসেছেন টিকনার। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। শেষ উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে গড়েন ৪১ রানের জুটি।
ব্যাটিংয়ে নিজের উন্নতি নিয়ে মজাও করেছেন এই পেসার। ডাফির জায়গায় ১০ নম্বরে ব্যাট করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ওয়েলিংটনে আমি বেশ ভালো ব্যাট করেছিলাম। আমার মনে হয়, ১০ নম্বর থেকে ধীরে ধীরে প্রমোশন পেয়ে তিন নম্বর পজিশন পর্যন্ত যাওয়া উচিত।’
আগামী শনিবার ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। অকল্যান্ডের ছোট বাউন্ডারির পর ওয়েলিংটনের দীর্ঘ সীমানা ও বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড দল। ম্যাচটিতে ভালো কিছু করার আশাও জানিয়েছেন টিকনার।