টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?

২০০০ সালের ১০ নভেম্বর। শীতের এক সকালে ভারতের বিপক্ষে তৎকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ২৬ বছর পূর্ণ করল লাল-সবুজের দল। শুরুতে টেস্ট ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে বাংলাদেশকে। প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর। এরপর ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি। তবে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা ও বিদেশের মাটিতে সাফল্য এখনও বড় চ্যালেঞ্জ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামগ্রিক পরিসংখ্যান, উল্লেখযোগ্য জয় ও ব্যক্তিগত অর্জনের দিকে ফিরে তাকানো যাক।

পরিসংখ্যানের আয়নায় বাংলাদেশ

এ পর্যন্ত ১৬৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় ২৮টি, হার ১১৫টি এবং ড্র ২১টি।

পরিসংখ্যান বলছে, ১৬৪ টেস্টে বাংলাদেশের জয়ের হার প্রায় ১৭.০৭ শতাংশ। অর্থাৎ টেস্ট ক্রিকেটে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে দলটিকে। তবে এই ২৮ জয়ের মধ্যে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক অর্জন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।

অপেক্ষার অবসান ২০০৫ সালে

টেস্ট অভিষেকের পর প্রথম কয়েক বছর বাংলাদেশের জন্য ছিল কঠিন পরীক্ষা। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর টানা ব্যর্থতার বৃত্তে ঘুরতে হয়েছে দলকে।

অবশেষে ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসে প্রথম জয়। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ২২৬ রানের বিশাল ব্যবধানে জেতে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এনামুল হক জুনিয়র। একই সিরিজে জিম্বাবুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদও পায় বাংলাদেশ।

বিদেশের মাটিতে প্রথম জয়

ঘরের মাঠে প্রথম জয়ের পর বিদেশের মাটিতে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংস্টাউনে ৯৫ রানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেটিই ছিল দেশের বাইরে প্রথম টেস্ট জয়। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজও জেতে দলটি।

বড় দলগুলোর বিপক্ষে স্মরণীয় জয়

সময়ের সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে জয়গুলো দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

- ইংল্যান্ড, ২০১৬: মিরপুরে ১০৮ রানে জেতে বাংলাদেশ। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মেহেদী হাসান মিরাজ।
- অস্ট্রেলিয়া, ২০১৭: মিরপুরে ২০ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। সাকিব আল হাসান করেন ৮৯ রান, দুই ইনিংস মিলিয়ে নেন ১০ উইকেট।
- নিউজিল্যান্ড, ২০২২: মাউন্ট মঙ্গানুইয়ে আট উইকেটে জিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। এবাদত হোসেনের দুর্দান্ত বোলিং ছিল জয়ের অন্যতম অনুষঙ্গ।
- পাকিস্তান, ২০২৪: রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়।

অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস

২০২৬ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের বাইরে এই জয় বিশেষ তাৎপর্য বহন করছে।

ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ টেস্ট ইতিহাস

দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রয়েছে বেশ কিছু স্মরণীয় কীর্তি।

- আমিনুল ইসলাম বুলবুল: অভিষেক টেস্টেই ভারতের বিপক্ষে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
- মুশফিকুর রহিম: শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে ২০০ রান করে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হন।
- তামিম ইকবাল: ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ২০৬ রান করেন।
- সাকিব আল হাসান: ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ২১৭ রানের ইনিংস খেলেন।
- মুশফিকুর রহিম: ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেন। এতদিন সেটিই ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চলতি বছরের নভেম্বরে ২৪২ রানে অপরাজিত থেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তাওহীদ হৃদয়।

সাফল্যের পাশাপাশি রয়ে গেছে দুর্বলতা

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রগতি অস্বীকার করার সুযোগ নেই। একসময় যেখানে টেস্টে জয় পাওয়াই ছিল বড় চ্যালেঞ্জ, সেখানে এখন পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও স্মরণীয় জয় রয়েছে। তবে সামগ্রিক পরিসংখ্যান বলছে, এখনও উন্নতির অনেক জায়গা আছে।

১৬৪ ম্যাচে ২৮ জয় ও ১১৫ হার বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাস্তব চিত্র তুলে ধরে। বিশেষ করে বিদেশের মাটিতে ধারাবাহিকতা ধরে রাখা, শক্তিশালী দলের বিপক্ষে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা এবং ব্যাটিংয়ে দীর্ঘ সময় উইকেটে থাকার সক্ষমতা বাড়ানো জরুরি।

টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য শুধু এক-দুটি বড় জয় যথেষ্ট নয়। প্রয়োজন নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা, ভালো প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ২৬ বছরের পথচলায় বাংলাদেশ বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে। এখন চ্যালেঞ্জ সেই সাফল্যকে নিয়মিত পারফরম্যান্সে রূপ দেওয়া।