দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। নতুন মুখ এই ওপেনারকে নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ডানহাতি ওপেনারের অভাব পূরণ করতেই মাহফিজুলকে দলে নেওয়া হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন তিনি। তবে জাতীয় দলে জায়গা পাওয়ার পেছনে রয়েছে অনেক ত্যাগ, সংগ্রাম আর পরিবারের ভালোবাসার গল্প।
মাত্র দুই বছর বয়সে বাবাকে হারান মাহফিজুল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ-পরিস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছে বাবার শূন্যতা। একটা সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটাও তার কাছে বাড়াবাড়ি মনে হতো। কিন্তু পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই মনের মধ্যে ২২ গজের বীজ বুনে নেন তিনি। এলাকার ভাই-বন্ধুদের ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি। পরিবারের কাউকে কিছু না জানিয়ে বড় বোনকে সঙ্গে নিয়ে টিফিনের জমানো টাকা দিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান।
তবে অ্যাকাডেমিতে ভর্তি হলেই ক্রিকেটার হয়ে ওঠার পথটা সহজ হয়ে যায়নি। অভিভাবক হিসেবে দুলাভাই জাহাঙ্গীর আলম ও বড় বোন পপি আক্তারকে পাশে না পেলে হয়তো সেই পথ আরও কঠিন হতো। অ্যাকাডেমিতে গিয়ে কয়েক দিন লুকিয়ে অনুশীলন করার পর একসময় বাসায় ধরা পড়ে যান মাহফিজুল। তাকে নিয়ে বসে পারিবারিক সালিশও। কিন্তু তাতে দমে যাননি। বড় বোনকে সঙ্গে নিয়ে নিয়মিত চলতে থাকে অনুশীলন।
২০১৫ সালে দিনাজপুর বিকেএসপিতে ভর্তি হওয়ার পর মাহফিজুলের প্রতি পরিবারের সমর্থন আরও বাড়ে। একবার চোখের চিকিৎসার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন তার মা রহিমা বেগম। কিন্তু নিজের চিকিৎসা না করিয়ে সেই টাকা দিয়ে ছেলের জন্য ব্যাট কিনে দেন তিনি। মূলত তখন থেকেই পরিবারের অনুপ্রেরণায় এগিয়ে চলেছেন ডানহাতি এই ওপেনার।
একবার বাংলা ট্রিবিউনকে নিজের ক্রিকেটের প্রতি ভালোবাসার শুরুর গল্প বলেছিলেন মাহফিজুল। তার ভাষায়, ‘৫ বছর বয়স থেকেই টেপ টেনিসে ক্রিকেট খেলতাম। সাকিব ভাই-মুশফিক ভাইদের খেলা টিভিতে দেখেই অনুপ্রেরণা পেতাম। তখন টেপ টেনিসেই আরও বেশি রান, বেশি বাউন্ডারি কীভাবে মারা যায়, সেই চেষ্টা করতাম। এভাবে দেখতে দেখতেই ক্রিকেটটাকে ভালোবেসে ফেলেছি।’
ক্যারিয়ারে নানা কঠিন পথ পেরিয়ে জাতীয় পর্যায়ে এসেছেন মাহফিজুল। এই যাত্রায় সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা। নিজের চোখের চিকিৎসা না করিয়ে ছেলের ব্যাট কিনে দেওয়ার ঘটনাটি স্মরণ করে মাহফিজুল বলেছিলেন, ‘আমার মা আমাকে দুই বছর বয়স থেকে এখন অব্দি আগলে রেখেছে। বাবা মারা যাওয়ার পর থেকেই অনেক কষ্ট করেছেন। একবার আমার ব্যাট লাগতো, কিন্তু মা নিজে চোখের ডাক্তারের কাছে না গিয়ে সেই টাকা দিয়ে ব্যাট কিনে দিয়েছিলেন। সত্যি কথা বলতে আপু আর দুলা ভাই যতই সাপোর্ট করুক, আম্মুর সাপোর্ট না পেলে এতদূর আসতে পারতাম না। আম্মু আমাকে সব সময় আগলে রেখেছে। ক্রিকেটে কখনও খারাপ সময় গেলে আমাকে নানা ভাবে অনুপ্রেরণা যোগায়। আম্মুর কারণেই আসলে আমার এখানে আসা।’
মায়ের সেই ত্যাগের প্রতিদান দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন মাহফিজুল। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া এই ব্যাটার চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহের হয়ে করেছেন তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে করেছেন ডাবল সেঞ্চুরিও। ডানহাতি এই ব্যাটার লেগ স্পিনও করতে পারেন। তার পছন্দের ক্রিকেটার বাবর আজম, বিরাট কোহলি ও লোকেশ রাহুল।