২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। উসমান খাজার আত্মজীবনী ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে বল টেম্পারিং কাণ্ড। তবে বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান টড গ্রিনবার্গ।
খাজার দাবি, বল রিভার্স সুইং করানোর উদ্দেশ্যে সেটির অবস্থা পরিবর্তনের পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্টার্ক। ২০২১ সালে দেওয়া এক বিবৃতিতে বোলাররা যে অবস্থান জানিয়েছিলেন, সেটিই পুনর্ব্যক্ত করেছেন তিনি। তাদের দাবি ছিল, বলের অবস্থা পরিবর্তনের জন্য মাঠে ‘বহিরাগত কোনো বস্তু’ নেওয়া হয়েছিল, সে বিষয়ে তারা জানতেন না।
মঙ্গলবার সিডনিতে সাংবাদিকদের স্টার্ক বলেন, ‘সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দেইনি। আট বছর আগের ঘটনা নিয়ে স্পষ্টতই ভিন্ন ভিন্ন মত রয়েছে। তখন আমাদের বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এরপরও হয়েছে। বোলারদের হয়ে আমি কথা বলব না। তবে আমার নিজের অবস্থান থেকে বলতে পারি, মত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি।’
এই কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত শুরু করে। কেপটাউন টেস্টে ঘটনাটি প্রকাশ্যে আসার চার দিন পর তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সাবেক টেস্ট ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিষেধাজ্ঞাসহ বিভিন্নমেয়াদে শাস্তি দেওয়া হয়।
খাজার দাবি, কেপটাউনের তৃতীয় টেস্টে ধরা পড়ার আগে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকেই বল টেম্পারিং শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টার্ক জানিয়েছেন, পোর্ট এলিজাবেথে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা ঘটেছিল- খাজার বক্তব্য থেকেই প্রথমবার এ বিষয়ে জেনেছেন তিনি।
এ প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘এ বিষয়ে যারা লিখেছেন, তাদেরই ব্যাখ্যা দিতে দিন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছরেরও বেশি সময় আগে অবসর নেওয়া ওয়ার্নারও সোমবার এই বিতর্কে মুখ খুলেছেন। খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওয়ার্নার তার সাবেক সতীর্থের বর্ণনাকে শতভাগ সঠিক বলে দাবি করেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে বলেছেন ‘ত্রুটিপূর্ণ’।
এদিকে সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কসহ গণমাধ্যমের কয়েকজন বিশ্লেষক স্যান্ডপেপারগেট নিয়ে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন। তবে মঙ্গলবার স্থানীয় রেডিও স্টেশন এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ জানিয়েছেন, তদন্ত পুনরায় শুরুর মতো ‘জোরালো কোনো কারণ’ নেই। নতুন করে তদন্ত করেও উল্লেখযোগ্য কিছু পাওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।
তিনি বলেন, ‘খাজার বইয়ে এমন কিছু নির্দিষ্ট বিবরণ রয়েছে, যা অন্যদের দেওয়া বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। তবে আমরা জানিয়েছি, আমাদের হাতে আসা তথ্যের ভিত্তিতে তদন্তের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। এর মধ্যে উসমানের কাছ থেকে পাওয়া তথ্যও রয়েছে। এ বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’